হাম উপসর্গ ও ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও চার শিশু মারা গেছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছে সাতজনের। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু ও হাম-বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

হাম-বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৮৮ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৬১ শিশু। সব মিলিয়ে হামের নতুন রোগী ১,০৪৯ শিশু। এ নিয়ে সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে এক হাজার ২৮০ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি ১,১৭৫ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে। এ ছাড়া এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৬২ হাজার ৫৭ শিশু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গের রোগী পাওয়া গেছে ২ লাখ ৩৭ হাজার ৭০২ জন। এখন পর্যন্ত হামের রোগী পাওয়া গেছে ২৪ হাজার ৩৫৫ জন এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১১ হাজার ৮৬৫ শিশু। এ ছাড়া  হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ৩ হাজার ২৫৭ শিশু।  

অন্যদিকে ডেঙ্গুর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,৬৭৪ জন। এতে আরও জানানো হয়, গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৭১৪, ময়মনসিংহে ৫০, চট্টগ্রামে ৩১১, খুলনায় ১৯০, রাজশাহীতে ১১৫, রংপুরে ৬০, বরিশাল বিভাগে ২১৩ এবং সিলেট বিভাগে ২১ জন ভর্তি হয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত