তথ্যপ্রযুক্তিমন্ত্রী বললেন

শুধু প্রযুক্তির অগ্রগতি নয় সেবায় রূপান্তরই লক্ষ্য

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৮ এএম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সেবা অনলাইনে পাওয়া গেলেই তা পুরোপুরি ডিজিটাল হয় না; ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে সেবা নাগরিকের জন্য কতটা সহজ,  দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য হলো তা দিয়ে, প্রযুক্তির সংখ্যা দিয়ে নয়।

গত শুক্রবার আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ‘ইউএন গভর্ন্যান্স ইনোভেশন সামিট : অ্যাডভান্সিং ফিউচার-রেডি ইনস্টিটিউশনস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের অষ্টম অধিবেশনের ‘চ্যালেঞ্জিং কনভেনশনাল অ্যাপ্রোচেস টু গভর্ন্যান্স ইনোভেশন অ্যান্ড অ্যান্টিসিপেটরি গভর্ন্যান্স’ শীর্ষক ‘ক্রস-এক্সামিনেশন ডায়ালগ’-এ অংশগ্রহণকালে মন্ত্রী এসব কথা বলেন। খবর : বাসস

মন্ত্রী বলেন, শুধু প্রযুক্তি দিয়ে সরকারি প্রশাসন বদলানো যায় না। সংযোগ ভিত্তি হলেও প্রাতিষ্ঠানিক প্রস্তুতিই সংযোগকে জনকল্যাণে রূপ দেয়। নতুন প্রযুক্তি চালুর আগে সরকারকে প্রথমে সমস্যাটি বুঝতে হবে, বিদ্যমান প্রশাসনিক প্রক্রিয়া পরীক্ষা করে অপ্রয়োজনীয় ধাপ কমাতে হবে, প্রতিষ্ঠানের দায়িত্ব স্পষ্ট করতে হবে এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে।

আলোচনাকালে মন্ত্রী তিনটি সক্ষমতা তথা সক্ষম প্রতিষ্ঠান (স্পষ্ট জবাবদিহি, আন্তঃসংযোগযোগ্য ডেটা সিস্টেম ও কার্যকর সমন্বয়), দক্ষ জনবল (নতুন প্রযুক্তি নিয়ে কাজ করার দক্ষতা, আত্মবিশ্বাস ও মানসিকতা) এবং জনগণের আস্থার (শক্তিশালী ডেটা গভর্ন্যান্স, সাইবার নিরাপত্তা, গোপনীয়তা সুরক্ষা ও সহজলভ্য অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা) ওপর জোর দেন।

অধিবেশনে লেসোথোর মন্ত্রী মোয়েকেতসি মোৎসোয়ানে, মৌরিতানিয়ার ব্রাহিম বুলখেইর এবং মেক্সিকোর ক্যারোলিনা প্লাটা লোপেজ অংশগ্রহণ করেন।

আজারবাইজানের প্রেসিডেন্টের অধীন পাবলিক সার্ভিস ও সোশ্যাল ইনোভেশনবিষয়ক রাষ্ট্রীয় সংস্থার উপ-চেয়ারম্যান জেহুন সালমানভ অধিবেশনটি সঞ্চালনা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত