দলীয় কোন্দলে বিএনপি নেতাসহ ৪ জনকে কুপিয়ে জখম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৯ এএম

ফেনীর সোনাগাজীতে দলীয় কোন্দলে সাজেল হক সোহেল নামের এক বিএনপি নেতাসহ চার জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের ভৈরবচৌধুরী বাজারের কাছে শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন অভিযুক্তদের ধরতে অভিযান চালিয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রাতে আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাজেল হক সোহেল সোনাপুর বাজার থেকে পৌর শহরের দিকে যাচ্ছিলেন। পথে ভৈরবচৌধুরী বাজারের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দলের ১২ জন নেতাকর্মী তার পথরোধ করে মারধরের পর একপর্যায়ে কুপিয়ে জখম করে। এ সময় সোহেলের অনুসারী সন্দেহে মুহুরী প্রজেক্ট থেকে ফেরার পথে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ইমতিয়াজ মাহমুদ সুজন, ফাহিম ও নাজমুল হুদা নামে তিন যুবককে কুপিয়ে জখম করে তারা। এ ছাড়া তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর উপজেলার সোনাপুর বাদামতলি ও মুহুরী প্রজেক্ট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাজেল হকের সঙ্গে একাধিক গ্রুপের দ্বন্দ্ব তৈরি হয়। এ ঘটনায় জড়িত উভয়পক্ষের লোকজনের বিরুদ্ধে সন্ত্রাসী ও বিতর্কিত কর্মকা-ের অভিযোগ রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত