পটুয়াখালীর দুমকিতে সরকারি রেকর্ডীয় হালট দখল করে পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সিকদারের বিরুদ্ধে। এতে স্থানীয় এক সাংবাদিকের পরিবারের দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। পরিবারটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।
উপজেলার ২ নম্বর লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের সদস্য ও দৈনিক আমার দেশ পত্রিকার দুমকি উপজেলা প্রতিনিধি কামাল সিকদারের অভিযোগ, তাদের বাড়িতে যাতায়াতের একমাত্র পথ বন্ধ করে সরকারি জমিতে পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এতে পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
সাংবাদিক কামাল সিকদার ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, আবদুল জব্বার সিকদার স্থানীয় বিএনপি নেতা হওয়ায় এর প্রতিকার চাইতে গিয়েও তারা সমস্যায় পড়ছেন। সরকারি রেকর্ডে জমিটি হালট হিসেবে চিহ্নিত থাকলে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে জমির সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ এবং তাদের চলাচলের পথ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অন্যদিকে অভিযুক্ত আবদুল জব্বার সিকদার জমিটির মালিকানা ও ব্যবহার নিয়ে ভিন্ন দাবি করেছেন। তার দাবি, জায়গাটি সরকারি হালট হলেও তা তাদের বাপ-দাদার আমলের পারিবারিক কবরস্থান। কবরস্থানের নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীর নির্মাণ করা তাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, জায়গাটি সরকারি হালট কিংবা খাসজমি হয়ে থাকলে ভূমি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এখানে কোনো ব্যক্তি বা পক্ষের বাধা দেওয়ার অধিকার নেই। দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে কাজ বন্ধ করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে দুমকির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছা বলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও লেবুখালী ইউনিয়ন সহকারী ভূমি পরিদর্শককে (তহসিলদার) সরেজমিনে পরিদর্শন করার নির্দেশনা দেওয়া হয়েছে। খাস বা হালটের জমি দখলের প্রমাণ পাওয়া গেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।