বান্দরবানে ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

বান্দরবান শহরের কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামের এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৮ নভেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে ঝিরির মধ্যে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন তারা। পরে পরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত শরীফ শহরের তালুকদারপাড়ার বাসিন্দা জহিরের ছেলে। তিনি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম জানান, সকালে ঝিরিতে শরীফের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত