জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে বিভিন্ন দোকানের কাচের জানালা ভেঙে যায়। আতঙ্কে ভবন থেকে বাইরে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আগামী কয়েক দিন শক্তিশালী পরাঘাতের (আফটারশক) আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা। খবর আল জাজিরার। 

জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার (৮ নভেম্বর) রাত ১টা ৪ মিনিটে (শনিবার ১৬:০০ গ্রিনিচ মান সময়) শিজুওকা প্রিফেকচারের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। 

বার্তা সংস্থা কিয়োদোর বরাতে কর্তৃপক্ষ জানিয়েছে, আইচি ও শিজুওকা প্রিফেকচারে এ ঘটনায় ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

ভূমিকম্পে আইচি প্রিফেকচারের আশপাশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। এর মধ্যে হামামাতসু শহর, জাপানের প্রাচীন রাজধানী কিয়োটো ও নারা এবং মাউন্ট ফুজির অবস্থানস্থল ইয়ামানাশি ও গিফু প্রিফেকচারও রয়েছে।

তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে কিয়োদো। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে অনেক দূরে হওয়ায় রাজধানী টোকিওতে কম্পন অনুভূত হয়নি।

জাপানের টেলিভিশন চ্যানেলগুলোতে ভূমিকম্পে দোকানের ভাঙা কাচের জানালা এবং রাস্তাজুড়ে ছড়িয়ে থাকা কাচের টুকরার ছবি দেখানো হয়েছে। একটি বইয়ের দোকানে তাক থেকে বিপুলসংখ্যক বই পড়ে মেঝেতে স্তূপ হয়ে থাকতে দেখা যায়।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ভূমিকম্পের সময় আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়েও কয়েকজন আহত হয়েছেন।

জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, আগামী এক সপ্তাহ শক্তিশালী ভূমিকম্প বা পরাঘাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী দুই থেকে তিন দিন সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থাটির কর্মকর্তা আয়াতাকা এবিতা সাংবাদিকদের বলেন, ‘ভূমিধস, পাহাড়ি এলাকা থেকে পাথর গড়িয়ে পড়া এবং বৃষ্টিপাতের কারণে সৃষ্ট সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক থাকুন।’

তিনি আরও বলেন, জাপানের ভূখণ্ডের নিচে দুটি বড় টেকটোনিক প্লেটের সংযোগস্থল নানকাই ট্রাফ এলাকায় এখন পর্যন্ত অস্বাভাবিক কোনো পরিবর্তন শনাক্ত করা যায়নি। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, এই এলাকায় যেকোনো সময় ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত