জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বাদ জোহর বাংলাদেশ জাতীয় সংসদ ভবন মসজিদে সংসদ সচিবালয়ের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এছাড়া আহতদের দ্রুত সুস্থতা এবং বিভিন্ন সময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারীদের আত্মার শান্তি কামনা করা হয়।
দোয়া ও মোনাজাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, চিফ হুইপ, হুইপ ও সংসদ সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দেশের সার্বিক শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ, জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় মহান আল্লাহর রহমত প্রার্থনা করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো. আবু রায়হান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা।