যুবদল নেতাকে গালাগালি করায় পদ গেল ছাত্রদল নেতার

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

জামালপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিককে গালাগালি করায় সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের আহ্বায়ক অনিককে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) রাতে অনিককে অব্যাহতি দিয়ে সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কাওসার আলমকে ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্বাচিত করার চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। 

জামালপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদের সই করা চিঠিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর সদর উপজেলা পূর্ব ছাত্রদলের আহ্বায়ক অনিককে অব্যাহতি দেয়া হলো ও একই সাথে ওই কমিটি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.কাওছার আলমকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হলো। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হলো।

চিঠিতে বলা হয়,  জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম শফিক আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
জেলা ছাত্রদলের সভাপতি সুমিল এবং সাধারণ সম্পাদক শফিক অনিকের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে পদচ্যুত ছাত্রদল নেতা অনিক বলেন,  গত ২ নভেম্বর উপজেলার ইটাইল ইউনিয়নের একটি বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয়া হয়, আমি সেখানে উপস্থিত হলেও আমাকে মঞ্চে ডাকা হয়নি। সেই অনুষ্ঠানের মূল দায়িত্ব পালন করছেন উপজেলা যুবদলের আহ্বায়ক শফি কাকা। পরে ওইদিন বিকেলে শফি কাকার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি রাগ করে বলেন, তুমি কিভাবে রাজনীতি কর তা দেখবো! এ ঘটনার ৫ দিন পরে আমাকে অব্যাহতি দেয়া হলো।

এ প্রসঙ্গে জানতে চাইলে জামালপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, আমি তার রাজনীতি নিয়ে কথা বলবো কেন? সে কী আমার সমকক্ষ? সে একটি বিদ্যালয়ের অভ্যন্তরীণ অরাজনৈতিক প্রোগ্রামকে ঘিরে আমার সাথে রাস্তায় বেয়াদবি করেছে। আমাকে গালাগালি করেছে। আমি মাফ করে দিয়েছি কিন্তু দল বিষয়টিকে হয়তো সহজভাবে নেয়নি। আমিও শুনলাম শুনলাম তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত