জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার চালিকাশক্তি হতে হবে বিশ্ববিদ্যালয়কে: ইউজিসি চেয়ারম্যান

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

স্বল্প ব্যয়ের শ্রমের ওপর ভর করে নয়, বরং আইসিটি ও উচ্চ প্রযুক্তিনির্ভর প্রতিভার ওপর ভিত্তি করেই বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। এ ক্ষেত্রে শিল্প ও একাডেমিয়ার সমন্বয়ে জ্ঞানভিত্তিক অর্থনীতির পরিবেশ তৈরিতে ইউজিসি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

রবিবার সকালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেশনস ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (আইসিআইএসইটি- ২০২৬)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান এসব কথা বলেন।

আইআইইউসির আন্তর্জাতিক অংশীদার হিসেবে রয়েছে ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়া (ইউসিম) এবং টেকনিক্যাল স্পন্সর হিসেবে রয়েছে আইট্রিপল ই বাংলাদেশ সেকশন।

আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুদান ঝা, ইউসিমের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আজনি হাসলিজান বিনতি আব হালিম, আইট্রিপল ই বাংলাদেশ সেকশনের সভাপতি প্রফেসর ড. এম ইমামুল হাসান ভূঁইয়া এবং কনফারেন্সের টেকনিক্যাল চেয়ার প্রফেসর ড. মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মামুন আহমেদ আরও বলেন, "বিশ্ববিদ্যালয় আর বিচ্ছিন্ন আইভরি টাওয়ার হতে পারে না। ল্যাবরেটরি থেকে বেরিয়ে শিল্পকারখানার স্থানীয় প্রযুক্তিগত সমস্যা সমাধানে গবেষকদের কাজ করতে হবে। আমাদের স্থানীয় শিল্পগুলো সমস্যা সমাধানের জন্য বিপুল বৈদেশিক মুদ্রা খরচ করে পরামর্শক বা সফটওয়্যার আমদানি করছে, অথচ এসব সমাধান আমাদের বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষকদের দিয়েই সম্ভব।"

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন কনফারেন্সের অর্গানাইজিং চেয়ার প্রফেসর মোহাম্মদ শামসুল আলম। এ ছাড়া বক্তব্য দেন আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর প্রকৌশলী মো. রাজু আহমেদ এবং টেকনিক্যাল সেক্রেটারি প্রফেসর ড. সিকদার সানবিম ইসলাম।

'ইনোভেশনস ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি' শীর্ষক তিন দিনব্যাপী এই কনফারেন্সটি বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ৫ম এবং আইআইইউসির ২০তম আন্তর্জাতিক সম্মেলন। ২০টি দেশের ৯৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞানী ও গবেষকেরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। এতে দেশের ২৫টি সরকারি, ৩৪টি বেসরকারি এবং ৩৫টি বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। কনফারেন্সে প্রাপ্ত ৮১২টি গবেষণাপত্রের মধ্যে নির্বাচিত ১৮৮টি প্রবন্ধ উপস্থাপিত হবে। এ ছাড়া ১১টি মূল প্রবন্ধ (কী-নোট) এবং ১০টি আমন্ত্রিত স্পিকারদের প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত