অনিয়মের অভিযোগে বিএফআইইউর পাঁচ কর্মকর্তা বদলি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ এএম

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পাঁচ কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন অতিরিক্ত পরিচালক ও দুজন যুগ্ম পরিচালক রয়েছেন। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, অতিরিক্ত পরিচালক মো. রোকন-উজ-জামানকে কৃষিঋণ বিভাগ-২, মোহাম্মদ সানাউল আলম সমুকে ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের ডিভিশন-২ এবং কামরুল হাসান আজাদকে আইন বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া যুগ্ম পরিচালক মো. জয়নুল আবেদীনকে ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টে এবং মোহাম্মদ সাইফুল ইসলামকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টে পদায়ন করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা ৮ নভেম্বর কর্মদিবসের শেষে তাদের বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত বলে গণ্য হবেন। একই সঙ্গে নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় কার্যভার প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নথি অনুযায়ী, কামরুল হাসান আজাদ বর্তমানে বিএফআইইউর অতিরিক্ত পরিচালক ও উইং লিডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তিনি যখন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ছিলেন, তখন মো. আনোয়ারুল ইসলাম তালুকদারের সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি হিসাব থেকে ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ২৫টি চেকের মাধ্যমে নগদে ১১ কোটি ৮১ লাখ টাকা উত্তোলন করা হয়। পরবর্তী সময়ে হিসাব নিরীক্ষা ও অর্থের ব্যয়ের তথ্য যাচাই করতে গিয়ে প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতি দেখতে পায় বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ সর্বাধিক পঠিত