সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ এএম

কুমিল্লার জাগরঝুলি এলাকায় তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার প্রায় তিন বছর পর মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ।

সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ২০২৩ সালের ৯ নভেম্বর সকাল ৯টার দিকে দুর্ঘটনার শিকার হন ইরফানুল্লাহ। মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকায় ঢাকাগামী একটি তিশা বাস পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবং পরবর্তীতে ঢাকার মাতুয়াইলের এসএমসি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

ইরফানের ভাই মহিবুল্লাহ জানান, সোমবার ফজরের নামাজের পর তার ভাই মারা গেছেন। তিনি ইরফানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং তার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তিনি আরও জানান, ইরফানের দুটি জানাজা অনুষ্ঠিত হবে। প্রথমটি সোমবার বাদ জোহর চট্টগ্রাম শহরে এবং দ্বিতীয়টি সন্ধ্যার পর সাতকানিয়ায় তাদের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজার নির্ধারিত সময় পরে জানিয়ে দেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত