জয়পুরহাটের ক্ষেতলালে আশরাফ আলী আকন্দ ওরফে ‘আশরাফ ডাকাত’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে।
গ্রেপ্তার আশরাফ আলী আকন্দ উপজেলার বড়তারা গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশি পাহারায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফের বিরুদ্ধে ক্ষেতলাল, জয়পুরহাট সদর, কালাই ও বগুড়া সদর থানায় বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি, চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং মারামারির অভিযোগ। মামলাগুলোর কয়েকটিতে তার বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে।
এছাড়া গত ৭ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত একটি মামলাতেও তাঁকে আসামি করা হয়েছে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, আশরাফের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।