ওয়ালটন-ল্যাবএইড ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে শুভসূচনা করেছে টিম দেশ রূপান্তর। নিজেদের প্রথম ম্যাচে ইটিভিকে ৫ উইকেটে হারিয়েছে দলটি।
সোমবার পলটনের আউটার স্টেডিয়ামে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত টুর্নামেন্টের দিনের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইটিভি। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখে দেশ রূপান্তরের বোলাররা। নির্ধারিত ৬ ওভারে ৪২ রানের বেশি করতে দেয়নি ইটিভিকে। তাদের ৪টি উইকেট নেন ফয়সাল খান, শওকত আলী পলাশ ও অতিথি খেলোয়াড় মীর জসিম। জয়ের জন্য ৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে দেশ রূপান্তর। কোনো উইকেট না হারিয়ে মাত্র দুই ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি। অধিনায়ক ফয়সাল খান দুটি ছক্কা ও দুটি বাউন্ডারিতে হার মানা ২১ রান করেন। অন্য প্রান্তে মীর জসিম একটি ছক্কা ও দুই বাউন্ডারিতে ১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি মীর জসিম হন ম্যাচ সেরা।
নকআউট পর্বের এই ম্যাচে দেশ রূপান্তর দলের নেতৃত্ব দেন ফয়সাল খান। দলের অন্য খেলোয়াড়রা হলেন শওকত আলী পলাশ, জুনায়েদ শিশির, আরিফ শাওন, অতিথি খেলোয়াড় মীর জসিম, আব্দুল হামিদ, শাহেদ আলী ও ফজলুর রহমান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন— নাজমুল ইসলাম, এ কে সাইমুম, ইউসুফ কবির ও সৈয়দ মো. আবু খায়ের প্রমুখ।
ডিআরইউ ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের সঞ্চালনায় খেলা শেষে বিভিন্ন জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ল্যাবএইডের সিইও ডা. সামবিত কুমার দাস ও কর্মকর্তা মাসুদ আহমেদ এবং ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারন সম্পাদক মাইনুল হাসান সোহেল।
এ সময় সাংগঠনিব সম্পাদক এমএম জসিম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ, কল্যাণ সম্পাদক রফিক মৃধা ও সদস্য সাদী উপস্থিত ছিলেন। কাল মঙ্গলবার টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
।