নিষিদ্ধ রং ও নানা অনিয়ম, মৌলভীবাজারে বেকারিকে লাখ টাকা জরিমানা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর সড়কে অবস্থিত শামস ফুড বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ, নিষিদ্ধ রং ব্যবহার এবং নানা অনিয়মের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 
​সোমবার (৯ নভেম্বর)  দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজারের সমন্বয়ে অভিযানকালে জরিমানা করা হয়।
 
জেলা প্রশাসন সূত্র জানায়, ​অভিযানকালে শামস ফুড বেকারির ভেতরে বহুমুখী অনিয়ম ও অসঙ্গতি পরিলক্ষিত হয়। যার মধ্যে উল্লেখযোগ্য ​হলো খাবারে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার,​ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট ও রুটি প্রস্তুত করা,​পচা ও নোংরা পরিবেশে সংরক্ষিত ব্রেড পুনরায় ব্যবহারের জন্য সংরক্ষণ করা,​ ময়লাযুক্ত ট্রেতে খাদ্য প্রস্তুত এবং তেল মেশানোর জন্য রঙের ব্রাশ ব্যবহার,​কারখানার পাশে ময়লার ভাগাড় থেকে তীব্র দুর্গন্ধ ও মাছি ছড়ানো, অধিকাংশ পণ্যের বিএসটিআই সনদ না থাকা, মোড়কে পণ্যের উপাদান বা সঠিক তথ্য উল্লেখ না করা,​ মিক্সিং মেশিন ও বাসনপত্র অত্যন্ত নোংরা ও তেলচিটে থাকা,​ খাবার ঢাকার কাজে ময়লা ও কালিযুক্ত খবরের কাগজ ব্যবহার করা,​ মোড়কে অগ্রিম বা জালিয়াতির তারিখ প্রদান,​ নোংরা ও অপরিষ্কার ডিম সংরক্ষণ করা এবং ছত্রাকযুক্ত কাঠের টেবিলে খাদ্য প্রস্তুত করা,​ খাদ্য মজুদ করার স্থানেই স্টাফদের থাকার ব্যবস্থা করা এবং সার্বিকভাবে স্বাস্থ্যবিধি না মানায় ​নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় বেকারিটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
 
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইনসহ অন্যান্য সাপোর্টিং স্টাফরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত