তিন বছর পর আবারও বাংলাদেশের শ্রোতাদের গান শোনাতে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। এবার শুধু ঢাকায় নয়, চট্টগ্রামেও মঞ্চ মাতাবেন ‘ও সানাম’খ্যাত এই গায়ক। ‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শিরোনামে দুটি কনসার্টের আয়োজন করছে ইকিউব এন্টারটেইনমেন্ট।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১২ নভেম্বর চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউতে এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের শেফ’স টেবিল কোর্টসাইডে সংগীত পরিবেশন করবেন তিনি। দুই শহরের আয়োজনেই লাকি আলীর সঙ্গে মঞ্চ ভাগ করে নেবে বাংলাদেশের একাধিক ব্যান্ড।
ঢাকার কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। তিন ক্যাটাগরিতে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। জেনারেল ৪ হাজার, প্রিমিয়াম ৭ হাজার এবং ভিআইপি ১২ হাজার টাকা। এর আগে ২০২৩ সালে ঢাকায় একক কনসার্টে গান শুনিয়েছিলেন এই শিল্পী।
নব্বইয়ের দশকে ইন্ডি-পপ সংগীতে নিজস্ব গায়কির মাধ্যমে পরিচিতি পান লাকি আলী। ১৯৯৬ সালে প্রকাশিত তার অ্যালবাম ‘সুনো’র ‘ও সানাম’ গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। বলিউডেও প্লেব্যাক শিল্পী হিসেবে সফল তিনি। তার কণ্ঠে জনপ্রিয় হয়েছে ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘আ ভি জা’ ও ‘সফরনামা’র মতো গান। ২০১৫ সালের পর স্বাধীনভাবে সংগীতচর্চা করছেন তিনি।