বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এ পাড়ায় আগুনের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্র জানায়, নাই ম্রা চিং মারমা নামে এক ব্যক্তি নিজের ঘরের চুলায় তরকারি রান্না করতে দিয়ে পাশের একটি বাড়িতে টেলিভিশনে নাটক দেখতে যান। একপর্যায়ে চুলায় রান্না বসানোর কথা ভুলে যান তিনি। ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে দ্রুত আগুন আশপাশের ঘর ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১৬টি বসতঘর ও দুটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল মান্নান আনসারী জানান, রাতে তারা অগ্নিকাণ্ডের খবর পান। তবে যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধারকাজে অংশ নেওয়া সম্ভব হয়নি। রাতে সাঙ্গু নদীতে কোনো নৌকা না পাওয়ায় অগ্নিনির্বাপণ ইঞ্জিন নিয়ে নদী পার হওয়া যায়নি। পরে স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে আনেন।