আজ শহীদ নূর হোসেন দিবস

শহীদ নূর হোসেনের স্মৃতি অম্লান রাখতে গুলিস্তানের জিরো পয়েন্টের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ নূর হোসেন চত্বর’ বা ‘শহীদ নূর হোসেন স্কয়ার’। প্রতিবছর ১০ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম

স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসে ১০ নভেম্বর এক অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর গুলিস্তানে পুলিশের গুলিতে প্রাণ হারান যুবক নূর হোসেন। বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে নেমেছিলেন তিনি। তার সেই আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে আছে। আজ ১০ নভেম্বর পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস।

ঢাকার নারিন্দায় এক অটোরিকশাচালকের পরিবারে জন্ম নূর হোসেনের। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর তিনি গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। তবে পেশাগত জীবনের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। আন্দোলনের উত্তাল সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় হন এই তরুণ।

১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন এরশাদ সরকারের বিরুদ্ধে সচিবালয় ঘেরাও ও অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে ১৫ দল, ৭ দল ও ৫ দলীয় জোট। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র-জনতা ও গণতন্ত্রকামী মানুষ অংশ নেন। রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের পাশাপাশি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন নূর হোসেন। একই ঘটনায় পুলিশের গুলিতে প্রাণ হারান নূরুল হুদা বাবুল।

নূর হোসেনের মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তার আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। পরবর্তী সময়ে ছাত্র-জনতার ধারাবাহিক আন্দোলন ও গণপ্রতিরোধের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। এর মধ্য দিয়ে অবসান ঘটে তার প্রায় নয় বছরের শাসনামলের।

এর আগে ১৯৮৭ সালের ৬ ডিসেম্বর জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন এরশাদ। পরবর্তী সময়ে ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন বিরোধী দলগুলোর বড় একটি অংশ বর্জন করে। ফলে ওই নির্বাচন রাজনৈতিকভাবে ব্যাপক বিতর্কের মুখে পড়ে। এরপর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বিএনপি।

শহীদ নূর হোসেনের স্মৃতি অম্লান রাখতে গুলিস্তানের জিরো পয়েন্টের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ নূর হোসেন চত্বর’ বা ‘শহীদ নূর হোসেন স্কয়ার’। প্রতিবছর ১০ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। এ উপলক্ষে চত্বরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি জুরাইন কবরস্থানে তার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত