সারাদেশে বিগত সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে সরকার। এরই মধ্যে রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৪,০১৩টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদে প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এই তথ্য জানান।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলী আইন, বিচার ও সংসদ বিষয়ক (আইন ও বিচার বিভাগ) মন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে জানতে চান সারাদেশে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দায়েরকৃত বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি, যার ফলে হাজার হাজার মানুষ বিভিন্ন সময় হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। এমতাবস্থায়, কী কারণে এখনো নিষ্পত্তি হয়নি এবং কবে নাগাদ নিষ্পত্তি হবে; এর কোনো রোডম্যাপ রয়েছে কি না?
এর জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এই প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
এ লক্ষে গত ০৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। জেলা পর্যায়ের এই কমিটিগুলো প্রাপ্ত মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে মামলার সার্টিফাইড কপি এবং পাবলিক প্রসিকিউটরের (PP) মতামত গভীরভাবে পর্যালোচনা করে থাকে। মামলাটি প্রকৃতপক্ষে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের কোনো স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে কি না— এসব বিচার-বিশ্লেষণ করে তারা মামলা প্রত্যাহারের সুপারিশ পাঠায়।
জেলা কমিটিসমূহের প্রাপ্ত সুপারিশসমূহ কেন্দ্রীয়ভাবে পরীক্ষা-নিরীক্ষা ও মামলা প্রত্যাহারের প্রক্রিয়া সমন্বয় করার উদ্দেশে গত ০৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
রাজনৈতিক উদ্দেশ্যে ও হয়রানির জন্য দায়েরকৃত মোট ২৪,০১৩টি মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা কমিটির সুপারিশ ও কেন্দ্রীয় কমিটির পর্যালোচনায় যেসকল আবেদন যৌক্তিক বলে প্রতীয়মান হবে, তা প্রত্যাহারের বিষয়ে সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।