মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে আইন মেনেই আসতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে আইনি সময়সীমা পার হয়ে যাওয়ায় দেশে ফিরলেও তার আর আপিল করার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরা ও আপিল দায়ের প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
আইন সবার জন্য সমান উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আপিলের আইন অত্যন্ত স্পষ্ট। আইনি নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে আপিল করতে গেলে তার কী পরিণতি হয়, তা অতীতে আবুল কালাম আজাদের মামলাতেই পরিষ্কার হয়েছে। নির্ধারিত সময়ের পর আইনিভাবে বিলম্ব মওকুফ (ডিলে কনডোনেশন) করে আপিল দায়েরের কোনো সুযোগ নেই।’
শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, ‘এটি মূলত একটি আইনি ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের বিষয়। এ নিয়ে ইতোমধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ভারতের পররাষ্ট্র সচিব রাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছেন। ফলে এ নিয়ে কোনো অপব্যাখ্যা বা ধূম্রজাল সৃষ্টির সুযোগ নেই।’
পলাতক শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘তিনি একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি যদি নিজেকে আইনের হাতে সোপর্দ করতে চান, তবে আসতে পারেন; কিন্তু তাকে প্রচলিত আইন মেনেই চলতে হবে।’
সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের একটি ল’ ফার্মের মাধ্যমে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করেছেন শেখ হাসিনা। এরপর থেকেই তার আইনি প্রক্রিয়া ও দেশে ফেরানো নিয়ে জোর আলোচনা শুরু হয়।