কক্সবাজারের টেকনাফ-উখিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) রাতে পরিচালিত এসব অভিযানে দুই মাদক কারবারিকে আটক করার পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জেলেপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে একটি নৌকায় করে মাদকের বড় চালান প্রবেশের গোপন তথ্য পায় বিজিবি। এর ভিত্তিতে বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। নৌকাটি তীরে ভিড়লে সাত-আটজন চোরাকারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাশের কেওড়া বনে লুকিয়ে থাকে।
এ সময় বিজিবির অপর একটি টহল দল স্পিডবোট নিয়ে সেদিকে অগ্রসর হলে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে চোরাকারবারিরা ইয়াবার বস্তাগুলো পানিতে ভাসমান অবস্থায় ফেলে নৌকা নিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ছোট-বড় ১০টি বস্তা থেকে ৮ লাখ ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
একই রাতে সীমান্তের আরও দুটি পয়েন্টে অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন। রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ মো. রমজান আলী (১৮) নামের এক তরুণকে আটক করা হয়। তিনি উখিয়ার পশ্চিম আঞ্জুমানপাড়া এলাকার মো. সিদ্দিকের ছেলে।
এর আগে রাত নয়টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালানোর সময় ৪ হাজার ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. হোসাইন (২০) নামের আরেক যুবককে আটক করা হয়। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব পালাকাটা গ্রামে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন দপ্তরের নির্দেশনায় বিজিবি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সদস্যরা পেশাদারত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কাজ করে যাচ্ছেন। চিহ্নিত মাদক কারবারিদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানান।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।