মা-বাবা সন্তানের জীবনে মহান আল্লাহর বিশেষ নেয়ামত। সন্তানের জন্ম, বেড়ে ওঠা ও সুন্দর জীবন গঠনে তাদের অবদান অপরিসীম। সন্তানের কল্যাণের জন্য তারা নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দেন। সন্তানের সামান্য কষ্টেও ব্যথিত হন। তাদের ত্যাগ ও ভালোবাসার ঋণ কোনোভাবেই পুরোপুরি শোধ করা সম্ভব নয়। তাই মা-বাবার শোকরিয়া আদায় করা প্রত্যেক সন্তানের দায়িত্ব।
মহান আল্লাহ পবিত্র কোরআনে মা-বাবার প্রতি সদাচরণের নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের শোকরিয়া আদায় করার কথা বলেছেন। ইরশাদ হয়েছে, ‘আমি মানুষকে তার মা-বাবার ব্যাপারে (সদাচরণের) নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। সুতরাং আমার ও তোমার মা-বাবার শোকরিয়া আদায় করো। প্রত্যাবর্তন তো আমার কাছেই।’ (সুরা লোকমান ১৪)
এ আয়াতে মহান আল্লাহ নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মা-বাবার প্রতিও কৃতজ্ঞ হওয়ার নির্দেশ দিয়েছেন। বিশেষভাবে মায়ের গর্ভধারণ, সন্তান প্রসব ও দুধ পান করানোর কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এর মাধ্যমে সন্তানের প্রতি মায়ের অসামান্য ত্যাগের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
মা-বাবার শোকরিয়া আদায়ের অর্থ কেবল মুখে তাদের ধন্যবাদ জানানো নয়। বরং তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করা, তাদের প্রয়োজন পূরণে সহযোগিতা করা, কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের মনে কষ্ট না দেওয়াও এর অন্তর্ভুক্ত। তারা বৃদ্ধ হলে তাদের সেবা-যতœ করা সন্তানের বিশেষ দায়িত্ব। তাদের সঙ্গে মতের অমিল হলেও ধৈর্য ও বিনয়ের পরিচয় দিতে হবে।