পদ ছাড়ছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ এএম

‘পারিপার্শ্বিক চাপ’ উল্লেখ করে পদত্যাগ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন সহকারী প্রক্টর। এছাড়া আরও তিনজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে তারা সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের পদ ছেড়ে দেওয়ার জন্য ‘অনুরোধ’ করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পদত্যাগ করা তিন শিক্ষক হলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার। গত বুধবার তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের (ইসরাফিল রতন) মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এছাড়া, পদত্যাগপত্র জমা দেওয়া তিন শিক্ষক হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। তারা ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিলেও স্বাক্ষর করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, গতকাল প্রক্টর মহোদয়ের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাকে বলেন, পারিপার্শ্বিক চাপ আছে। তার অনুরোধের পরিপ্রেক্ষিতেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

সহকারী প্রক্টরদের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, আমি যতটুকু শুনেছি, মোট ছয়জন পদত্যাগ করতে পারেন। এর মধ্যে তিনজন পদত্যাগপত্র জমা দিয়েছেন, আরও তিনজন জমা দেবেন। তিনি আরও জানান, প্রক্টর সরাসরি কোনো নির্দেশ দেননি; বরং পারিপার্শ্বিক চাপের কথা জানিয়ে পদত্যাগের অনুরোধ করেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, ‘আমি গতকাল দুজনের পদত্যাগপত্র পেয়েছি। রাজনৈতিক চাপের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ অভিযোগ থাকবেই। আমরা রাজনীতির গন্ধ খুঁজি, সব জায়গায় রাজনীতি দেখতে পাই। এখন যারা পদত্যাগ করেছেন, তারা কী কারণে পদত্যাগ করেছেন ভালো বলতে পারবেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত