গত ২ নভেম্বর স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবলে যে মর্মান্তিক দুর্ঘটনাটি পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল, অবশেষে সেটির আনুষ্ঠানিক শাস্তি ঘোষণা করল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। টেনেরিফের স্ট্রাইকার জেসুস দে মিগেলের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ানো সেই ভয়াবহ সংঘর্ষের ঘটনায় এফসি অ্যান্ডোরার গোলরক্ষক জেসুস ওয়োনোকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। গতকাল শুক্রবার এই সর্বোচ্চ শাস্তির ঘোষণা দেওয়া হয়।
চলতি মাসের শুরুর দিকেই সেই ম্যাচের শেষ দিকে বাতাসে ভাসমান একটি বল বিপদমুক্ত করতে পেনাল্টি বক্স ছেড়ে অনেকটা বাইরে মাঝমাঠে ছুটে আসেন ইকুয়েটোরিয়াল গিনির আন্তর্জাতিক গোলরক্ষক ওয়োনো। বলের পেছনে ছুটতে থাকা ৩০ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড মিগেলে বুকে সজোরে আঘাত লাগে তাঁর পায়ের। তৎক্ষণাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়োনো।
অন্যদিকে, ভয়াবহ এই আঘাতের পর মাঠেই হৃদ্রোগে আক্রান্ত (কার্ডিয়াক অ্যারেস্ট) হন দে মিগুয়েল। দ্রুত তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলেও পরদিন ৩ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান এই ফুটবলার।
ঘটনার ১০ দিন পর শুক্রবার রেফারির প্রতিবেদনের ওপর ভিত্তি করে সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। নিজেদের আনুষ্ঠানিক বিবৃতিতে কমিটি জানায়, রেফারির রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে বল খেলারত অবস্থায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষের বুকে পা দিয়ে সজোরে আঘাত করার কারণেই ওই খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়েছিল। বিবৃতিতে কমিটি আরও উল্লেখ করে, এই ঘটনার মর্মান্তিক পরিণতি অর্থাৎ মিগেলের মৃত্যুর বিষয়টি সবারই জানা; তাই ঘটনার ধরন ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞাই যুক্তিযুক্ত।
এদিকে, মিগেলের মৃত্যুর পর থেকেই গভীর মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন গোলরক্ষক ওয়োনো। গত সপ্তাহে নিজের ক্লাব এফসি অ্যান্ডোরার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে অনুশোচনা ও শোক প্রকাশ করে তিনি বলেন, ‘এগুলো আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এবং যা ঘটেছে তা মেনে নেওয়া আমার জন্য ভীষণ কঠিন। জেসুসকে হারানোর বেদনায় আমি প্রচণ্ড ব্যথিত। আমি তার কথা, তার পরিবারের কথা এবং যারা তাকে ভালোবাসতেন তাদের সবার কথা ভাবছি। আমি জানি সামনে অনেক বিষয় মোকাবিলা করতে হবে এবং যা-ই আসুক না কেন, আমি সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে তার মুখোমুখি হব। তবে এই মুহূর্তে সত্যি বলতে জেসুস এবং আমরা যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি, তা ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। শান্তিতে ঘুমাও, জেসুস।’
অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের কোনো সম্ভাবনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে স্প্যানিশ পুলিশ বিচারিক তত্ত্বাবধানে একটি তদন্ত শুরু করেছে। স্প্যানিশ আইন অনুযায়ী যেকোনো অস্বাভাবিক মৃত্যু বা দুর্ঘটনার ক্ষেত্রেই এমন তদন্ত বাধ্যতামূলক, যদিও কৌঁসুলিরা জানিয়েছেন যে এই ঘটনায় ফৌজদারি মামলা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
বৃহস্পতিবার এফসি অ্যান্ডোরার প্রধান কোচ কার্লেস মানসো জানিয়েছেন, নিষেধাজ্ঞা শেষে ওয়োনো আবার কবে মাঠে ফিরবেন বা আদৌ ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। শিষ্যের মানসিক অবস্থার কথা তুলে ধরে সংবাদমাধ্যমে মানসো বলেন, ‘এই পরিস্থিতিতে সে গভীরভাবে ভেঙে পড়েছে। সে আবার কবে ফিরতে চায় কিংবা আদৌ ফিরতে চায় কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ স্বাধীনভাবে নেওয়ার জন্য আমরা তাকে প্রয়োজনীয় সময় ও সুযোগ দেব।’
প্রয়াত স্ট্রাইকার মিগেলকে শেষ বিদায় জানাতে গত শনিবার টেনেরিফের স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন হাজারো ভক্ত ও সতীর্থরা। এর আগে গত বৃহস্পতিবার তাঁর শেষকৃত্যে প্রায় ৪০০ শোকাহত মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন স্পেন জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও।
৩০ বছরে প্রথম হারের পর ধৈর্য ধরতে বললেন স্কালোনি