জিডিপির প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ এএম

দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার গত ২০১৪-১৫ অর্থবছর থেকে বাড়িয়ে দেখানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তা শূন্য দশমিক ৭ থেকে ১ দশমিক ১৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জিডিপির হিসাবের ফরেনসিক অডিট প্রতিবেদনে এসব অসংগতি উঠে এসেছে।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএসের সম্মেলন কক্ষে ‘পিয়ার রিভিউ অব ফরেনসিক অডিট রিপোর্ট অন জিডিপি এস্টিমেটস’ শীর্ষক সেমিনারে প্রতিবেদনটির খসড়া প্রকাশ করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক এবং গবেষণা পরিচালক ড. আতনু রব্বানী।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশে জিডিপি প্রবৃদ্ধির হার ৮ শতাংশে পৌঁছেছিল। তখন থেকেই এই হিসাবের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এর পরিপ্রেক্ষিতে ওই সময়ে প্রকাশিত প্রবৃদ্ধির হিসাব খতিয়ে দেখতে জিডিপির ফরেনসিক অডিটের উদ্যোগ নেয় বর্তমান সরকার।

প্রতিবেদনে ২০১০-১১ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত দুই মেয়াদের জিডিপি প্রবৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ২০১০-১১ থেকে ২০১৩-১৪ অর্থবছরে গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ২৭ শতাংশ। পরবর্তী ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৩৯ শতাংশে। অর্থাৎ দুই মেয়াদের গড় প্রবৃদ্ধির ব্যবধান প্রায় ১ দশমিক ১২ শতাংশীয় পয়েন্ট। কোভিড মহামারীর প্রভাব বিবেচনায় ২০১৯-২০ অর্থবছরকে এ তুলনামূলক বিশ্লেষণের বাইরে রাখা হয়েছে। এ সময়ে উৎপাদন ও করসংক্রান্ত তথ্যের কারণে জিডিপির হিসাবে প্রায় শূন্য দশমিক ৭ থেকে ১ দশমিক ১৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত অতিরিক্ত দেখানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিয়ে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রাজনৈতিক স্বার্থে এবং তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠায় অতীতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছে। বিবিএসের নিজস্ব মাঠপর্যায়ের জরিপের তুলনায় প্রশাসনিক ও অন্যান্য উৎস থেকে সংগৃহীত উপাত্তে বিকৃতির সুযোগ বেশি ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে সাতটি খাতের তথ্যে মনগড়া উপাত্ত যুক্ত করে জিডিপির আকার ও প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে।

উপদেষ্টা বলেন, সরকার এমন একটি পরিসংখ্যানব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে সরকার পরিবর্তন হলেও তথ্যের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার পরিবর্তন হবে না। জিডিপি সরকারের কোনো রাজনৈতিক হাতিয়ার নয়, এটি জনগণের সম্পদ। পরিসংখ্যানের সত্যতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়বদ্ধতা ও জবাবদিহির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার সেই বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছে।

প্রতিবেদনে বিবিএসের আর্থিক ও প্রশাসনিক নির্ভরশীলতা কমাতে প্রাতিষ্ঠানিক সংস্কারের সুপারিশ করা হয়েছে। এতে জাতীয় হিসাব ও মূল্য পরিসংখ্যান প্রণয়নের দায়িত্ব সরাসরি বিবিএসের অধীনে রাখা, জরিপের তথ্য ও অর্থনৈতিক প্রাক্কলন প্রকাশে সংস্থাটিকে স্বাধীন ক্ষমতা দেওয়া এবং প্রধান নিয়োগে প্রতিযোগিতামূলক ও পেশাদার নিয়োগপ্রক্রিয়া অনুসরণের কথা বলা হয়েছে। পাশাপাশি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে পদোন্নতি ও কর্মজীবনের সুস্পষ্ট পথ তৈরির সুপারিশ রয়েছে।

পরিসংখ্যানের মান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে জাতীয় হিসাব ও ভোক্তা মূল্যসূচকসহ গুরুত্বপূর্ণ জরিপের পদ্ধতি পর্যালোচনায় পরামর্শক কমিটি গঠন এবং জরিপের প্রতিবেদন প্রকাশের আগে যাচাইকারী কমিটিগুলোর কাঠামো পুনর্গঠনের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া আয়-ব্যয়, শ্রমশক্তি, ভোক্তা মূল্যসূচক, ক্ষুদ্র শিল্প, শিল্প উৎপাদন ও ভাইটাল স্ট্যাটিস্টিকস জরিপ নিয়মিত সরকারি অর্থায়নে পরিচালনার সুপারিশ রয়েছে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্যকে রাজনৈতিক চাপমুক্ত রাখতে জাতীয় অর্থনৈতিক পরিসংখ্যানবিষয়ক স্থায়ী কমিটি গঠনের কথাও বলা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত