দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। এ সময়ে বাজার মূলধন কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ ও দৈনিক গড় লেনদেন। পাশাপাশি দরপতন হওয়া কোম্পানির তুলনায় দরবৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাও ছিল বেশি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ৬৩৪ কোটি ২ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধনের পরিমাণ ছিল ৬ লাখ ৭৩ হাজার ৫৫৩ কোটি ৬৪ লাখ টাকা। সেই হিসাবে এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ০.৫৪ শতাংশ।
অন্যদিকে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩১ দশমিক ৮৭ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ। সপ্তাহ শেষে সূচকটি দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্টে। আগের সপ্তাহে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪১৩ দশমিক ০৪ পয়েন্ট।
তবে ডিএসইর অন্যান্য সূচকের মধ্যে মিশ্র চিত্র দেখা গেছে। ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ২৩ পয়েন্ট বা ০.৪৫ শতাংশ কমে ২ হাজার ৫৯ দশমিক ৪০ পয়েন্টে নেমেছে। বিপরীতে ডিএসইএস সূচক ৯ দশমিক ৫৯ পয়েন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ১ হাজার ৫৭ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর এসএমই খাতের সূচক ডিএসএমইএক্স ২ দশমিক ৯৯ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে অবস্থান করছে ৯৪২ দশমিক ২০ পয়েন্টে।
বাজার মূলধন কমার বিপরীতে লেনদেনের চিত্রে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬৫ কোটি ৭৩ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫২৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। সে হিসাবে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২৬ দশমিক ৩৮ শতাংশ।
একই ধারায় বেড়েছে সপ্তাহের মোট লেনদেনও। গত সপ্তাহে ডিএসইতে শেয়ার ও ইউনিট মিলিয়ে মোট ৩ হাজার ৩২৮ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২ হাজার ৬৩৩ কোটি ৯৬ লাখ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে মোট লেনদেনের পরিমাণ বেড়েছে ২৬ দশমিক ৩৮ শতাংশ।
এদিকে সপ্তাহজুড়ে শেয়ার ও ইউনিটের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭ কোটি ৭৩ লাখ। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৮৯ কোটি ৭৪ লাখ।
দরবৃদ্ধি ও দরপতনের ক্ষেত্রেও বাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২০৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর হারিয়েছে ১৩৫টি কোম্পানি। এ ছাড়া ৩৮টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল। সপ্তাহজুড়ে ৩১টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি।
বাজারের বিভিন্ন খাতের লেনদেন পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে ১৬৭ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছে। একই সময়ে এসএমই মার্কেটে লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ৯৬ লাখ টাকা। অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) ১ কোটি ৫৮ লাখ টাকা এবং সরকারি সিকিউরিটিজে ৫১ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে।