মানিকগঞ্জে সরকারিভাবে আমন ধান কেনার কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।
গতকাল শনিবার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান, এফপিএমইউ-এর মহাপরিচালক মো. মাহাবুব রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, কৃষকের উৎপাদন ব্যয় ও ন্যায্য মুনাফার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা করা হয়েছে। এছাড়া সেদ্ধ চালের দাম প্রতি কেজি ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী প্রতি ৪০ কেজি ধান বিক্রি করে একজন কৃষক ১ হাজার ৪০০ টাকা পাবেন।
জানা গেছে, দেশব্যাপী কৃষক খাদ্য বিভাগের কাছে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান বিক্রি করতে পারবে। অন্যদিকে চাল সংগ্রহ কার্যক্রম চলবে ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
খাদ্যমন্ত্রী তার বক্তৃতায় বলেন, কৃষকের স্বার্থরক্ষা এবং তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিশেষ নজর রাখার নির্দেশনা দেন।
কৃষকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্যনিরাপত্তার প্রধান শক্তি কৃষকরা। তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সহায়ক ভূমিকা পালন করছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরেও কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে সরকার তা সংগ্রহের বিষয়টি বিবেচনা করবে।
জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ, সংগ্রহমূল্য সম্পর্কে
কৃষকদের অবহিতকরণ, স্বচ্ছতার সঙ্গে মান যাচাই এবং দ্রুত মূল্য পরিশোধ নিশ্চিত করার নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী। সংগ্রহ কার্যক্রমে কোনো অনিয়ম, দুর্নীতি বা মধ্যস্বত্বভোগীদের প্রভাব বরদাস্ত করা হবে না বলেও জানান।