খেলাপি ঋণে ডুবছে ব্যাংক মূলধনও ঋণাত্মক

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৪ এএম

দেশের ব্যাংক খাতের আর্থিক ভিত্তি ক্রমেই দুর্বল হচ্ছে। বিতরণ করা ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি হয়ে পড়েছে। বিপুল অঙ্কের এই ঋণ আদায় না হওয়ায় একদিকে বাড়ছে ব্যাংকের আর্থিক ক্ষতি, অন্যদিকে সেই ক্ষতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত মূলধনও নেই। ২০২৫ সালের শেষে ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত দাঁড়িয়েছে ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে। ফলে খেলাপি ঋণের বোঝার পাশাপাশি মূলধন সংকটও বড় ঝুঁকি হয়ে উঠেছে দেশের ব্যাংক খাতে।

গতকাল শনিবার রাজধানীর শ্যামলীতে নলেজ হাব ইনস্টিটিউটের প্রকাশিত ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা : জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত। অনুষ্ঠানে নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, জুন ২০২৬ শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ ব্যাংকগুলোর বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের মধ্যে প্রায় ৩৩ টাকাই এখন খেলাপি। এর বড় অংশই সন্দেহজনক ও মন্দ ঋণের পর্যায়ে রয়েছে। বিশেষ করে মন্দ ঋণের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম।

খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতি রয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনীয় প্রভিশনের তুলনায় ঘাটতির পরিমাণ প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। এ ছাড়া ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে আটকে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা। এতে ব্যাংকগুলোর অর্থ আদায়ের সক্ষমতা আরও সংকুচিত হচ্ছে।

অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব বলেন, খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশের টাকা ফেরত পাওয়া যাচ্ছে না। এর চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো, ব্যাংক খাতের সামগ্রিক মূলধন পরিস্থিতি ঋণাত্মক। অর্থাৎ ঋণ থেকে সৃষ্ট ক্ষতি সামাল দিতে যে মূলধন প্রয়োজন, সেটিও ব্যাংকগুলোর হাতে নেই।

শাহ মো. আহসান হাবিব বলেন, ‘আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো, এই ৩৩ শতাংশ খেলাপি ঋণের মধ্যে ১০ শতাংশেরও কম প্রকৃত ঋণঝুঁকির মধ্যে পড়ে। বাকি বড় অংশের সঙ্গে পরিচালনগত ঝুঁকি, অপারেশনাল অনিয়ম এবং অপরাধের বিষয় জড়িত। এসব অপরাধ মোকাবিলা ব্যাংকের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে ব্যাংকের পাশাপাশি সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে ভূমিকা রাখতে হবে।’

ইচ্ছাকৃত ঋণখেলাপির কারণে ব্যাংক খাতের সংকট আরও গভীর হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, খেলাপি ঋণের একটি বড় অংশ ইচ্ছাকৃত ঋণখেলাপির ফল। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা ও বাজারসংশ্লিষ্টদের কাছেও স্বীকৃত। কিন্তু এসব ঋণের দায় শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে সাধারণ আমানতকারী, ব্যাংক কর্মকর্তা, ভালো ব্যবসায়ী এবং ভালো ব্যাংকগুলোকে।

প্রতিবেদনে ব্যাংকভেদে খেলাপি ঋণের হারে বড় বৈষম্যের চিত্রও উঠে এসেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৪৩ দশমিক ২ শতাংশ, বেসরকারি ব্যাংকে ৩১ দশমিক ৬ শতাংশ এবং বিদেশি ব্যাংকে ৬ দশমিক ৫ শতাংশ। তবে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলো। এসব ব্যাংকে খেলাপি ঋণের হার ৫৮ দশমিক ৯ শতাংশ। একই সময়ে এ ধরনের ব্যাংকগুলোর আমানত কমেছে ১ দশমিক ৭ শতাংশ এবং ঋণ-আমানত অনুপাত দাঁড়িয়েছে ১২৭ দশমিক ৭ শতাংশে।

অন্যদিকে, ব্যাংকে আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণ বিতরণের গতি কমছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগস্টে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। বিপরীতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৪ দশমিক ৭৫ শতাংশ। সেপ্টেম্বরে তা আরও কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমে আসে। এতে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রমে ব্যাংকঋণের প্রবাহ দুর্বল হওয়ার চিত্র ফুটে উঠেছে।

আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও ব্যাংক খাতের পিছিয়ে থাকার চিত্র পাওয়া গেছে। মার্চে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (এসএমই) ঋণের অংশ ছিল মোট ঋণের ১৫ দশমিক ৮৭ শতাংশ। অথচ এ খাতে লক্ষ্যমাত্রা ২৫ দশমিক ৫০ শতাংশ। নারী উদ্যোক্তাদের ঋণের অংশ মাত্র ৭ দশমিক ২৮ শতাংশ, যেখানে লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ। গ্রামীণ আমানতের অংশ ১৬ দশমিক ২৫ শতাংশ হলেও ঋণের অংশ মাত্র ৭ দশমিক ৪২ শতাংশ। এ ছাড়া আগস্টে কৃষি ও গ্রামীণ ঋণের ৩৪ দশমিক ৪৮ শতাংশ বকেয়া ছিল।

ব্যাংক খাতের সংকট উত্তরণে কয়েকটি সুপারিশ করেছে নলেজ হাব।

সর্বশেষ সর্বাধিক পঠিত