শ্রমিকরা কাজে না ফিরলে আজ থেকে কারখানা বন্ধ

বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ ঘোষণা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ এএম

ধারাবাহিক শ্রমিক অসন্তোষে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের প্রতিনিধিত্বকারী দুই সংগঠন। আন্দোলনরত শ্রমিকরা কাজে না ফিরলে আজ রবিবার থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী, ওই কারখানাগুলো বন্ধ থাকবে। এসব কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক রয়েছেন। পোশাকশিল্প মালিকদের এ ঘোষণা বাস্তবায়ন হলে ‘কাজ নেই-বেতন নেই’ পরিস্থিতিতে পড়বে ওই বিপুলসংখ্যক শ্রমিক। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা মাঠে নামার পর থেকে কারখানায় হাজিরা দিয়েই বের হয়ে আন্দোলনে অংশ নিচ্ছে বলে অভিযোগ কারখানা মালিকদের। এতে কারখানায় কাজ না হলেও বেতন পরিশোধের দায় সৃষ্টি হয়েছে। মালিকপক্ষের নতুন ঘোষণায় শ্রম আইন অনুযায়ী, শ্রমিকদের কাজ না করেই বেতন দাবির সুযোগ থাকছে না। 

গতকাল শনিবার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে চলমান শ্রমিক আন্দোলন পরিস্থিতি নিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স

অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

বিজিএমইএ সভাপতি বলেন, সার্বিক নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় সংশ্লিষ্ট কারখানাগুলো চালু রাখা সম্ভব হচ্ছে না। গত ৭ থেকে ১২ দিন ধরে আশুলিয়া, সাভার ও গাজীপুরের কিছু কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিম্নতম মজুরি বৃদ্ধির দাবি কেন্দ্র করে একটি মহল শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম হুমকির মুখে পড়েছে। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা মাঠে নামার পর থেকে কারখানায় হাজিরা দিয়েই বের হয়ে আন্দোলনে অংশ নিচ্ছে। এতে কারখানায় কাজ না হলেও বেতন পরিশোধের দায় সৃষ্টি হয়েছে।

গতকাল শনিবার দুপুর ১২টায় বিজিএমইএর কার্যালয়ে শুরু হওয়া ওই জরুরি মতবিনিময় সভায় প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন। গত অক্টোবরের শেষ দিকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া শ্রমিক আন্দোলনের তোপের মুখে ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে সরকার। দুই দিন পর ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার অনুষ্ঠেয় দ্বিতীয় সভায় মালিকপক্ষকে মজুরি প্রস্তাব দিতে বলা হয়েছে। এরপর শ্রমিক আন্দোলন কিছুটা কমলেও কোনো কোনো এলাকায় তা বন্ধ হয়নি। শ্রমিকদের বিক্ষোভ মিছিল-সমাবেশ, সড়ক অবরোধ ও বিভিন্ন কারখানায় আগুন দেওয়ার ঘটনা চলতে থাকে। এ প্রেক্ষাপটে বিজিএমইএ ও বিকেএমইএর জরুরি আয়োজনে গতকাল ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘সভায় অংশগ্রহণকারী সদস্যদের প্রায় সবাই মতামত দিয়েছেন, এ মুহূর্তে কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। সার্বিক পরিস্থিতি ও শিল্পের নিরাপত্তা গভীরভাবে পর্যালোচনা করে সংশ্লিষ্ট অঞ্চলের বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোর মালিকরা কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সামগ্রিক নিরাপত্তা এবং উৎপাদনের অনুকূল পরিবেশ বজায় না থাকায় এসব কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম সচল রাখতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী, আগামীকাল ১৫ নভেম্বর (আজ) থেকে বন্ধ রাখতে বাধ্য হবেন বলে মালিকরা আমাদের জানিয়েছেন।’

তিনি জানান, বিজিএমইএ ও সরকারের অনুরোধে গত ১২ থেকে ১৪ দিন ধরে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কারখানাগুলো সর্বোচ্চ চেষ্টা করে চালু রাখা হয়েছিল। তবে পরিস্থিতির কারণে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। কারখানা বন্ধের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘আজ (গতকাল) পর্যন্ত ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। তবে আজ ৯২টি কারখানা চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারেনি। ফলে কারখানা মালিক চাইলে আগামীকাল (রবিবার) শ্রম আইনের ১৩(১) ধারায় নিজ নিজ কারখানা বন্ধ ঘোষণা করতে পারবে।’

মাহমুদ হাসান বলেন, চলমান বিশৃঙ্খলার কারণে নিম্নতম মজুরি বোর্ডও স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি জানিয়েছেন, ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে তাদের কিংবা কোনো শ্রমিক সংগঠনের সম্পৃক্ততা নেই।

শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিজিএমইএ সভাপতি বলেন, সংকট সমাধানে শ্রমিক সংগঠনগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। মাঠপর্যায়ের অনেক নেতা ও শ্রমিক প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন।

তিনি বলেন, মতবিনিময় সভায় অংশ নেওয়া উদ্যোক্তারা কারখানার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান বলেন, ‘আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার এসব কারখানা আমাদের জাতীয় অর্থনীতি এবং রপ্তানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এই শিল্পগুলোকে রক্ষা করা এবং এর সঙ্গে জড়িত লাখো মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব।’

তিনি জানান, বিজিএমইএর একটি কারখানায় গড়ে ২ হাজার শ্রমিক কাজ করেন। সেই হিসাবে এসব কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কাজ করেন।

মাহমুদ হাসান বলেন, ‘পোশাক খাতের উদ্যোক্তারা আন্তরিকভাবে আশা করেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এবং আইনের সার্বিক প্রয়োগে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে এই সংকট উত্তরণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, চলতি মাসে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ক্রমেই সহিংস রূপ নেয়। ১ নভেম্বর থেকে গাজীপুর, মিরপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও চন্দ্রা এলাকায় পুলিশ বক্স, পুলিশের গাড়ি, পিকআপভ্যান এবং বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। মিরপুরেও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়।

গত ২ নভেম্বর গাজীপুরের জয়দেবপুরে নোমান টেরি টাওয়েল মিলসের সামনে সংঘর্ষের সময় মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন পোশাকশ্রমিক তৌফিক হোসেন (৩৫)। ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে আন্দোলন ঘিরে শ্রমিকবহির্ভূত কারও হত্যার নির্ভরযোগ্য তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে সরকারের পক্ষ থেকে পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যে নাশকতা, পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে। এ অভিযোগে মিরপুর ও গাজীপুরে পৃথক অভিযানে শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত