ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশ ও দেশের উন্নয়নবিরোধী কোনো অপশক্তি যদি বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে চায়Ñ প্রশাসন তো প্রশাসনের কাজ করবেই, রাজনৈতিক দল হিসেবে বিএনপিরও প্রস্তুতির রয়েছে তাদের রাজপথে মোকাবিলার। তিনি বলেন, বাংলাদেশে ’৭১-এর পরাজিত শক্তি ও চব্বিশের পরাজিত শক্তি যদি মনে করে আমরা তাদের মতো রাতের আঁধারে নির্বাচিত সংসদ সদস্য, তারা যদি আমাদের রাজপথের ভয় দেখায় তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। গতকাল শনিবার দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেনের জনসম্পৃক্ততা ও উন্নয়ন কর্মকা-ের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, শাহাদাত নিজের সামর্থ্য অনুযায়ী সবাইকে সহযোগিতা করেন। নিজের সংসদীয় আসনের সিটি করপোরেশনভুক্ত দুটি ওয়ার্ডে ১০০ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কয়েক দিন আগে মেয়রের সঙ্গে বসে দক্ষিণ পাহাড়তলি ও জালালাবাদ ওয়ার্ডের উন্নয়নকাজের তথ্য নিয়েছি। এসব উন্নয়নকাজের প্রচার না থাকায় প্রতিমন্ত্রী আক্ষেপ প্রকাশ করেন।
নগরের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে মীর হেলাল বলেন, শাহাদাত হোসেন একা চাইলেই চট্টগ্রামের সব সমস্যার সমাধান করতে পারবেন না। সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। এ কাজে সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদেরও যুক্ত হতে হবে।
চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আবু সুফিয়ান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এস এম নসরুল কদির প্রমুখ উপস্থিত ছিলেন।