রিজভী বললেন

জাতীয়তাবাদী শক্তিকে গুম-খুন করে দমিয়ে রাখা যায়নি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৬ এএম

গুম-খুন ও নানা ধরনের নিপীড়ন-নির্যাতন চালিয়েও জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল শনিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, ‘ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকা- করে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভয় দেখানো যাবে না। গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তাদের মাথা নত করানো যায়নি।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির মাথা নত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে পথে ব্যারিকেড গড়ে তুলবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। আইনের আওতায় তার যে দ- হয়েছে, তা তাকে ভোগ করতে হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত