প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্বারোপ ডা. জুবাইদার

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৭ এএম

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলতে হবে।

রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল শনিবার গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেয়িশিয়েটিভসের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সেভাবে উৎসাহিত করা হয়নি। বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধযোগ্য।’

ডা. জুবাইদা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার আমূল পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যা রোগ হওয়ার আগেই তা প্রতিরোধ করবে এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।’

তিনি বলেন, ‘সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। তারা এই রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। রোগ প্রতিরোধের এই জ্ঞান দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং আস্থার প্রয়োজন। গত ১২ বছর ধরে আইডিইএসএইচআই ঠিক এই কাজটিই করে যাচ্ছে।’

তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেন, ‘কাজের ধীরগতির কারণে তারা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। কিন্তু তাদের এটি ভেবে গর্বিত হওয়া উচিত যে, তাদের এই কাজ অসংখ্য মানুষকে একটি সুস্থ জীবনযাপন করতে সাহায্য করছে।’

এ সময় তিনি আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরী এবং প্রতিষ্ঠানটির সব বিজ্ঞানী ও কর্মীদের আন্তরিক প্রশংসা ও অভিনন্দন জানান। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার।

স্বাস্থ্য খাতের সংস্কারে সরকারের পাঁচটি অগ্রাধিকার ক্ষেত্রের কথা তুলে ধরে এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় গবেষণা জোরদার করা, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা, ওষুধশিল্পে উদ্ভাবন ও বায়োটেকনোলজিতে উৎসাহ প্রদান, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার এবং স্বাস্থ্য গবেষণায় একটি টেকসই পরিবেশ তৈরি করতে সরকার কাজ করছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত