রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানিয়েছেন।
এদিকে সভাশেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও জ্যেষ্ঠ নাগরিকদের সমন্বয়ে পাড়া-মহল্লায় কমিটি করার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, সরকারি কোয়ার্টারে বসবাসকারীরা ময়লা-আবর্জনার বিষয়ে পদক্ষেপ না নিলে তাদের আবাসন বরাদ্দ বাতিল হতে পারে এমন সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
সভায় মীর শাহে আলম ছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির কাজের অগ্রগতি, বাস্তবায়িত উদ্যোগ এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
ঢাকাকে বাসযোগ্য করতে ৩৯ হাজার সিনিয়র নাগরিককে যুক্ত করার পরিকল্পনা চলছে শাহে আলম : সভাশেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা কার্যক্রমে রাজধানীর ৩৯ হাজার সিনিয়র নাগরিককে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। অঞ্চলভেদে ২০টি কমিটি করা হয়েছে। বিভিন্ন দপ্তরের ব্যক্তিরা কমিটিতে রয়েছেন। কমিটি করার পর থেকে বেশ কিছু আপডেট এসেছে। ১২০ শিক্ষাপ্রতিষ্ঠান, ১১২ হাসপাতাল ছাড়াও বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে কমিটি।’
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘রাজধানীতে ৩৯ হাজার সিনিয়ার সিটিজেনকে রাষ্ট্রীয়ভাবে তাদের ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’ তিনি জানান, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে একটি আলাদা উয়িং করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও এবার ঢাকা উত্তরেও নতুন করে পরিকল্পনা করা হচ্ছে। সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে। অন্য সরকারগুলোর মতো আমরা বলতে চাই না যে, ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানাব। আমরা বলতে চাই, সরকার ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে। সরকারের কার্যক্রমে জনগণকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। সবার সম্মিলিত সহযোগিতায়ই ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা গড়ে তোলা সম্ভব।’
এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আব্দুল ওয়াদুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।