এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে জমি দখলের মামলা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা করা হয়েছে। মামলায় আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, লুটপাট ও জমি দখলের অভিযোগ করা হয়েছে। দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) গতকাল শনিবার মামলাটি করেন। এতে আসামি হিসেবে নুসরাতের বাবার নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা হিসেবে আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। দৌলতপুর থানার ওসি মো. খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মামলায় এক বৃদ্ধের বাড়িঘর ভাঙচুর, তাকে মারধর ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে। মামলাটি  দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিমের আপন ভাই মাহফুজুর রহমান ও মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি ক্রয় করেন বাদী ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস করে আসছিলেন ইদ্রিস আলী। পরে ওই জমি জবরদখলের পরিকল্পনা করেন হালিম। এরই জের ধরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালায়। এজাহারে বলা হয়েছে, আবদুল হালিমসহ ৮-১০ হামলাকারী লাঠি, লোহার রড, হাতুড়ি, হাঁসুয়া, হাত কুড়ালসহ ইদ্রিস আলীর বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে ৩টি খাট, ১০ বান্ডেল টিনসহ মালামাল লুট করে নিয়ে যায়।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাকে জেল খাটানো হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে জমিটি দখল করে নিয়েছেন আবদুল হালিম। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। পরে ভয়ে আতঙ্কে পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন তিনি।

এজাহারে বলা হয়েছে, ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকা- ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলেও তিনি জানতে পারেন। আর এ কারণেই আতঙ্কিত হয়ে তিনি থানায় এজাহার দিয়েছেন। ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এতদিন মামলা করতে পারেননি বলে উল্লেখ করা হয়েছে।

জানতে চাইলে ইদ্রিস আলী মামলার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন। তিনি বলেন, আবদুল হালিমের ভাইদের কাছ থেকে জমিটা ক্রয় করেছিলাম। কেনা জমি হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়।

কথা হয় নুসরাতের বাবা আবদুল হালিমের সঙ্গে। তিনি বলেন, ‘মামলার বিষয়টি জানা নেই। আপনাদের মাধ্যমে আমি জানতে পেরেছি। মামলা যদি করে থাকে, সেটি তদন্তে এসে প্রমাণিত হবে। আইন আইনের গতিতে চলবে। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়া লাগবে।  হয়তো কারও প্ররোচনায় মামলা করেছেন ইদ্রিস আলী।

মামলার বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, গতকাল আবদুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটি জমিসংক্রান্ত।

এর আগে গত বুধবার গভীর রাতে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন লাগে। বাড়িতে পেট্রোলবোমা হামলা চালানো হয়েছে বলে নুসরাতসহ এনসিপি নেতারা অভিযোগ করলেও জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন পেট্রোলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে।  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। তবে তদন্ত হচ্ছে। অধিকতর তদন্তের মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলে, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত