আজ ভয়াল ১৫ নভেম্বর ‘সিডর’ দিবস। ২০০৭ সালের এই রাতে ২১৫ থেকে ২৩০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘সিডর’ ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে ল-ভ- হয়ে গিয়েছিল দেশের সমগ্র উপকূলীয় অঞ্চল। সেদিন রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের ভয়াল জলোচ্ছ্বাস মাত্র ১০ মিনিটেই প্রাণচাঞ্চল্যে ভরা জনপদকে মৃত্যুকূপে পরিণত করে। প্রাণ হারায় শত শত মানুষ, গবাদি পশু ও বন্যপ্রাণী; নিখোঁজ হন অনেকে। পরদিন সকালে চারদিকে ছিল শুধু ধ্বংসস্তূপ আর লাশের সারি, এমনকি জায়গার অভাবে একটি কবরে ২-৩ জনকে মাটিচাপা দিতে হয়েছিল।
সরকারি তথ্যমতে, সিডরের আঘাতে শুধু বরগুনা জেলায় ১ হাজার ৫০১ জন প্রাণ হারান এবং ৮৯ হাজার ৭৮৫টি পরিবার গৃহহীন হয়। এর মধ্যে আমতলী ও তালতলী উপজেলায় মারা যান ৩৮৬ জন। এছাড়া এ দুই উপজেলার ৭০ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ও ১৫৫ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়। দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও স্বজনহারা উপকূলবাসীর চোখে আজও ভেসে ওঠে সেই বিভীষিকাময় রাতের দুঃসহ স্মৃতি।
সুপার সাইক্লোন ‘সিডরের’ ক্ষতচিহ্ন আজও বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। সিডরের ২ দিন পূর্বে আমতলী উপজেলার ঘটখালী ও বৈঠাকাটা গ্রাম থেকে ১৪ জন দিনমজুর পানের বরজের জন্য ধানশিলতা সংগ্রহে ট্রলারযোগে বঙ্গোপসাগরে সুন্দরবন এলাকার দুবলারচরে যান। সিডরের ভয়াল রাতে তাদের ট্রলারসহ ভাসিয়ে নিয়ে যায় দুই উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া পায়রা (বুড়িশ্বর) নদীর মোহনা সংলগ্ন টেংরাগিরি বনের কাছে। এদের মধ্য থেকে সেদিন ৪ জন জীবিত অবস্থায় ফিরে এলেও আজও পর্যন্ত বাকি ১০ জন ফিরে আসেননি। প্রতি বছর ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় ‘সিডর’ দিবসে স্বজনহারা মানুষরা মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত, কোরআনখানি ও নানাবিধ ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করে থাকেন। এছাড়া দুই উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নিহতদের স্মরলে মোমবাতি প্রজ্বলন ও শোক র্যালির মাধ্যমে দিবসটি পালন করে।