পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরসহ তিনজনের

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ এএম

চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর আবির মির্জাপুর ইউনিয়নের চারিয়া পশ্চিম-লাল পাড়ার বাসিন্দা। তার বাবার নাম বাপ্পি রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন আবির প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে এসে খাবার খেয়ে বাসায় ফেরার জন্য চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক সড়কে গেলে নাজিরহাটমুখী বেপরোয়া গতির অজ্ঞাত হাইচ গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় আবির। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা স্বীকার করে নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই মুস্তাফিজুর রহমান জানান, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে আবিরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরার আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোস্তাকিম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরা-পারুলিয়া সড়কের শোভনালী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মোমিন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অতিরিক্ত গতির কারণে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের গায়ে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মোস্তাকিমের মৃত্যু হয়। আহত হন দুজন। খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা দেন। পাশাপাশি নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৪ টিউবওয়েল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন চন্দ্র রায় পঞ্চগড় বোদা উপজেলার সাঁকয়া গ্রামের বাসিন্দা। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওতে মাইক্রোক্রেডিট সেকশনের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত