জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে ষাটোর্ধ অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত বৃদ্ধার নাম-পরিচয় জানা যায়নি।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে পাঁচবিবি রেলস্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা যায়, সকাল ৯টা ১০ মিনিটের দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলস্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধা ট্রেনের সামনে গিয়ে হাত উঠিয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন। এসময় ট্রেনের নিচে কাটা পড়েন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পান। এ সময় ঘটনাটি জানাজানি হলে আশপাশের এলাকার লোকজন সেখানে ভিড় করেন।
পাঁচবিবি রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার মিজানুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ দেখে বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবগত করা হয়েছে। তবে এখন পর্যন্ত বৃদ্ধার নাম পরিচয় পাওয়া যায়নি।