যুদ্ধের মধ্যেও ইরানের অস্ত্রভান্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)। খবর আনাদোলু এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা দেশটির গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে এ তথ্য জানিয়েছেন। তবে ইরানের ক্ষেপণাস্ত্রের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা কঠিন হওয়ায় এই হিসাবের নির্ভরযোগ্যতা কম বলে উল্লেখ করেছেন তারা।
ইরানি কর্মকর্তাদের দাবি, যুদ্ধের পরও দেশটির হাতে বিপুল পরিমাণ অস্ত্রের মজুত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের অস্ত্র উৎপাদনকারী বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ধীরগতিতে অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে তেহরান।
কর্মকর্তারা আরও দাবি করেছেন, ইরানের হাতে বিপুলসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। দেশটির অস্ত্র সক্ষমতা পুনরুদ্ধারের বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে নতুন করে ইরানে হামলা শুরুর বিষয়টি বিবেচনা করতে বাধ্য করেছে বলেও দাবি করা হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইরান তাদের সামরিক সরঞ্জাম ও স্থাপনাগুলো এমন কিছু এলাকায় সরিয়ে নিচ্ছে, যেগুলোকে তুলনামূলক নিরাপদ মনে করছে তেহরান। যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, রাডার ও আগাম সতর্কতাব্যবস্থায় ইরানের হামলার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের অস্ত্রভান্ডার ধ্বংস করে দেওয়া হয়েছে এবং দেশটি যাতে আর সেই সক্ষমতা ফিরে পেতে না পারে, তা নিশ্চিত করা হয়েছে।
তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে আসা গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, যুদ্ধের পরও ইরানের হাতে উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের মজুত থাকার সম্ভাবনা রয়েছে।