মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া নতুন করে শুরুর কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেছেন, প্রচলিত আইন ও বিধি অনুসরণ করেই এ মামলার বিচার সম্পন্ন হয়েছে। কোনো দেশ বা পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে পুনরায় বিচার শুরুর সুযোগ নেই।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা জানান তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে ভারতে অবস্থানরত এই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সম্প্রতি বিবিসি বাংলার কাছে দুটি শর্তের কথা জানিয়েছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো শর্তগুলোর মধ্যে রয়েছে, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং গণহত্যার অভিযোগে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু করা।
ভারতের এসব শর্ত নিয়ে প্রশ্ন করা হলে চিফ প্রসিকিউটর বলেন, ভারত নিজেদের আইন থেকেই পুনর্বিচারের বিধান বাতিল করেছে। সে ক্ষেত্রে শেখ হাসিনার মামলায় পুনর্বিচারের দাবি কীভাবে তুলছে, তা প্রশ্নসাপেক্ষ। বাংলাদেশের প্রচলিত আইনে এ ধরনের পুনর্বিচারের কোনো বিধান নেই বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহে দেশব্যাপী গণশুনানি আয়োজনের পরিকল্পনার কথা জানান আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত দল যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করবে।