প্রচ্ছদ রচনা

দেশভাগ ও হাসান আজিজুল হক : হৃৎপিণ্ড চেরাইয়ের বেদনা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

মানুষের স্মৃতি অভিজ্ঞতার সঙ্গে জড়ানো। বোধে আসে, আসে না। ইতিহাসের স্মৃতি তা নয়, তা চিরস্থায়ী, খোদাই করা। কিন্তু ইতিহাস তো পরোক্ষ, পেছনে ফেলে আসা, একদিক থেকে মৃত। তার কাছে কে যেতে চায়? এ সময়ের প্রজন্ম প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যেই থাকতে চাইবে স্বাভাবিকভাবেই। কোনোভাবেই কি তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব কত বড় মানব বিপর্যয় ঘটেছিল ১৯৪৭ সালে, ঠিক কতটা ক্ষতি হয়েছিল মানুষের সংসারে, কতটা খর্বতার  ভেতরে ঢুকে গিয়েছিলাম আমরা?
– হাসান আজিজুল হক


বাংলাদেশের গল্প লেখকদের কাছে হাসান আজিজুল হক স্বয়ং দ্রোণাচার্য। ইতিহাস পরোক্ষ, পেছনে ফেলে আসা এবং একদিক থেকে মৃত হলেও দেশভাগের রক্তক্ষয়ী সহিংসতা, স্থানচ্যুতি ও চরম অনিশ্চয়তার শিকার হওয়ার স্মৃতি আমাদের এই কথাশিল্পীর মনে চিরস্থায়ী হয়েছিল। দেশভাগ নিয়ে একটার পর একটা গল্প বা দীর্ঘ একটা উপন্যাস লেখাকে দায়িত্ব জ্ঞান করলেও সেই পথে এগোনোর সাহস বা সংকল্প তিনি সংগ্রহ করতে পারেননি বলে প্রয়াণের কয়েক বছর পূর্বেও আক্ষেপ প্রকাশ করেছেন। স্মর্তব্য এই যে, সংখ্যায় কম হলেও দেশভাগের ওপর লেখা তার সাহিত্য পাঠ করে এমন এক তীব্র বেদনা অনুভূত হয়, যে তীব্রতা আমাদের নিকট প্রতীয়মান হয় : যেন তার চরিত্রগুলোর মাধ্যমে স্বয়ং হাসান আজিজুল হকের বুকের পাঁজর ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে অথবা তার হৃৎপিণ্ড চেরাই হচ্ছে করাতকলে।

এটাও ইতিহাসের শিক্ষা যে, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না, বলেছেন জার্মান দার্শনিক হেগেল। ১৯৪৭ সালের দেশভাগের সময় ভারতবর্ষের হিন্দু-মুসলমান তাদের দীর্ঘদিনের যৌথ সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাতৃত্ববোধ বিস্মৃত হয়ে শুধু বলিই দেয়নি, সাম্প্রদায়িক খর্বতার ভেতরে ঢুকে তারা যে মানব বিপর্যয় ঘটিয়েছে, এই নৃশংস ইতিহাস অনুধাবন করে আজ ৭৯ বছর পরও শিউরে উঠতে হয়।

হাসান হকের দেশভাগের সাহিত্যের ওপর আলোচনা এবং ডমিনিক ল্যাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম অ্যাট মিডনাইট বইয়ে ভাইসরয় মাউন্টব্যাটেনের ১৯৪৭ সালের ৩ জুন ভারতের স্বাধীনতার তারিখ ঠিক করার ঘটনাগুলোর বিস্তারে যাওয়ার আগে উল্লেখ করি, ভারতবর্ষের বিভাজন গোঁজামিলের দ্বিজাতিতত্ত্ব বা ধর্মীয় বিষয়ের মতো কোনো নির্দিষ্ট ঘটনার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই বিভাজনের ইতিহাস হিন্দু-মুসলিমের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখারও সুযোগ নেই। কেননা, এই ভাগের পেছনে দীর্ঘ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পটভূমিসহ কাজ করেছে নানান বহুমুখী স্বার্থ ও আদর্শ।

হাসান আজিজুল হকের প্রশ্নে ফেরা যাক : ১৯৪৭ সালের মানব বিপর্যয়ে আসলে ঠিক কত বড় ক্ষতির কারণ হয়েছিল মানুষের সংসারে? রুশ কথাশিল্পী লিও তলস্তয় বলেছেন, ‘কোনো মানুষের মধ্যে বেদনার অনুভূতি জাগ্রত হলে তিনি জীবিত। তবে সেই মানুষই প্রকৃত মনুষ্যত্বের অধিকারী, অপরের বেদনায় যার অন্তর কেঁপে ওঠে।’ না, হাসান আজিজুল হকের মতো দেশভাগের নির্মম নিয়তির শিকার হতে হয়নি কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াসকে। মুসলিম এবং হিন্দু দুটি জাতি নয়, সম্প্রদায়। ফলে ‘দ্বিজাতিতত্ত্বে’ দেশভাগ হওয়া ব্যাপারটাকে অত্যন্ত সংকীর্ণ ও ধ্বংসাত্মক জ্ঞান করেছেন ইলিয়াস। দেশভাগের দুদিনের ব্যবধানেই ভারতবর্ষের স্বাধীনতা অন্ধকার মৃত্যুপুরীতে পরিণত হওয়া আর দেশভাগের শিকার মানুষের মর্মবেদনা অনুভব করে এক সাক্ষাৎকারে তিনি তার উত্তেজনা নিয়ন্ত্রণও করতে পারেননি। সূক্ষ্ম সংবেদন অনুভব করা মানুষের পক্ষে তা সম্ভবও নয়। কারণ, লাহোর স্টেশনে চলেছে শিখদের ওপর আক্রমণ; অমৃতসর, পাঞ্জাবে ঘটে গণহত্যা; মুসলিম নারীদের গণধর্ষণ এবং দিল্লিতে মুসলমানদের করা হয় কচুকাটা। প্রাণ যায় লাখ লাখ মানুষের; সম্ভ্রমহানি হয় লক্ষাধিক নারীর আর বাস্তুচ্যুতি ঘটে কোটি মানুষের। এসব ভয়াবহ ক্ষতি স্মরণে রেখে ইলিয়াস বলেছেন, যে স্বাধীনতার চূড়ান্ত পরিণতি হলো লক্ষ-কোটি মানুষের নিজের ভিটেমাটি ছেড়ে দেশত্যাগ করা এবং কান্নার রোল ওঠা, সেই স্বাধীনতা আসলে অর্থহীন।

ভারত ভাগের ভিত্তি হিসেবে জিন্না দ্বিজাতিতত্ত্বকে রাজনৈতিকভাবে সফলভাবে প্রয়োগ করেছেন বটে। তবে উল্লেখ করতে হয়, জিন্নাহর অনেক আগে সাভারকর, লালা লাজপত রায় এবং রাজনারায়ণ বসুর মতো নেতারা হিন্দুত্ববাদের জায়গা থেকে যেমন আলাদা ভূমির কথা বলেছেন, স্যার সৈয়দ আহমদ খান, আল্লামা ইকবাল, চৌধুরী রহমত আলীরাও ভারতীয় মুসলমানদের জন্য আলাদা ভূমি চেয়েছেন এবং আমরা মনে রাখি, তারা কেউই বাংলা বা আসামের মুসলিমদের জন্য আলাদা ভূমির কথা কোথাও উল্লেখ করেননি।

১৯৩০ সালে অনুষ্ঠিত মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে কবি আল্লামা ইকবাল ভারতের উত্তর-পশ্চিম অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে পৃথক কোনো স্বাধীন রাষ্ট্র নয়, একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের কথা বলেন। ১৯৩৩ সালে চৌধুরী রহমত নাউ অর নেভার শিরোনামে একটি পুস্তিকা লেখেন। এই পুস্তিকায় রহমত পাকিস্তান নামটি উল্লেখ করলেও তার প্রস্তাবিত মানচিত্রেও তৎকালীন বাংলা বা আসামের উল্লেখ ছিল না। পাকিস্তানের লোকজন ২৩ মার্চকে ‘পাকিস্তান দিবস’ বলে। ২৩ মার্চ কি আসলেই পাকিস্তান দিবস? না। কেননা, ১৯৪০ সালের ২৩ মার্চ শেরেবাংলা একে ফজলুল হকের পেশ করা লাহোর প্রস্তাবে শুধু পাকিস্তান নয়, ‘স্বাধীন রাষ্ট্রসমূহ’ তথা একাধিক রাষ্ট্রের কথা বলা হয়েছিল।

খোয়াবনামা লিখে হাসান আজিজুল হকের দীর্ঘ একটা উপন্যাস লেখার আক্ষেপ কিছুটা ঘুচিয়ে দিয়েছেন ইলিয়াস। প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা ভূমিহীন মানুষের মুক্তির আকাঙ্ক্ষার মহাগ্রন্থ খোয়াবনামায় ইলিয়াস দেখিয়েছেন, ’৪৭-এর আগে যে সাম্রাজ্যবাদবিরোধী ও সামন্তবাদবিরোধী গণজাগরণ তৈরি হয়েছিল, রাজনীতির নামে সুবিধাভোগীদের করা দেশভাগ সেই সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছে। নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে বিভক্ত করে শাসকগোষ্ঠী মূলত শোষণের পথকেই দীর্ঘায়িত করেছে। এমনকি তেভাগা আন্দোলনের মতো কৃষকের ন্যায্য অধিকারের সংগ্রামকে তারা ধর্মীয় ও সাম্প্রদায়িক রাজনীতির আড়ালে চাপা দিয়েছে।

তৎকালীন বাংলার শোষিত কৃষক ও প্রজা সাধারণের বড় অংশ ছিল মুসলিম এবং দলিত শ্রেণির। তাদের আন্দোলন দ্বিজাতিতত্ত্বের জন্য ছিল না। তারা ক্ষুব্ধ ছিল জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে। তাদের দাবি ছিল সম্পদের পুনর্বণ্টন ও ভূমি সংস্কারের। ১৯৪৫ সালের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পাঞ্জাব এবং বাংলায় বামপন্থীদের একটি বড় অংশ মুসলিম লীগকে হয়তো সমর্থন জানিয়েছে এবং তাদের নির্বাচনী ইশতেহার তৈরিতে সাহায্যও করেছে। তবে প্রগতিশীল ও বামপন্থী নেতারা প্রথম দিকে ভূখণ্ড ভাগের বদলে অর্থনৈতিক ব্যবস্থারই পরিবর্তন চেয়েছেন। যোগেন মণ্ডলের নেতৃত্বে দলিত সমাজও পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছেন এবং মুসলিম লীগের সঙ্গে রাজনৈতিক জোট গঠন করেছেন। এর পেছনে যে গুরুত্বপূর্ণ কারণটি কাজ করেছে তা হলো, তারা চেয়েছে উচ্চবর্ণের হিন্দুদের আধিপত্য থেকে মুক্তি এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠা। রাঢ়বঙ্গকে ঘিরে আবর্তিত হাসান আজিজুল হকের ‘জীবন ঘষে আগুন’ গল্পটি এর উৎকৃষ্ট উদাহরণ। এই গল্পে আমরা দেখতে পাই, প্রতীকী ব্যঞ্জনার মাধ্যমে হাসান হক তুলে ধরেছেন অন্ত্যজ দরিদ্র পদদলিতের সামাজিক-রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন। এর পাশাপাশি তিনি তুলে ধরেছেন সামন্ততান্ত্রিক সমাজের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে শোষিতের অভ্যুত্থান।

দেশভাগের ফলে হিন্দু সম্প্রদায়ের ভিটেমাটি ছেড়ে যাওয়ার বেদনা এবং অন্যপাশে নতুন রাষ্ট্রের আশায় থাকা মুসলিম কৃষকদের প্রতারিত হওয়ার ঘটনাগুলো সাহিত্যে উঠে এসেছে। দেশভাগ হওয়ার পরও ভূমিহীন কৃষক তমিজ বা জেলেদের ভাগ্যের কোনো পরিবর্তনই হয় না। বরং পাকুড় গাছ খুঁজতে গিয়ে চোরাবালিতে তলিয়ে যায় তমিজের বাপ আর খিদের চোটে তমিজের বাপের মুখের গন্ধ শোঁকা কুলসুমকে বরণ করতে হয় করুণ মৃত্যু। যথার্থই বলেছেন ইলিয়াস : দেশভাগের মাধ্যমে শুধু শোষকেরই হাতবদল হয়েছে; ব্রিটিশ শোষকদের জায়গায় দেশীয় শোষকশ্রেণির আবির্ভাব ঘটেছে। আর এটা তো আজ স্পষ্ট যে, সেই স্বাধীনতা আজও ভারতীয় উপমহাদেশের সাধারণ শোষিত মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি আনেনি। বরং সাম্প্রদায়িক বিভেদের মাধ্যমে বিহারের মুসলিমদের চিরতরে বাস্তুহারা ও পরাধীন করেছে।

হাসান আজিজুল হক একদম স্পষ্ট করে দেখিয়েছেন যে, বড় রাজনৈতিক নেতার চক্রান্ত বা হিসাবের বাইরে সাধারণ খেটে খাওয়া মানুষই দাঙ্গা ও দেশভাগের বলি হয়েছেন। দেশভাগ যে গোঁজামিল দিয়ে হয়েছে, আগুনপাখির অক্ষরজ্ঞানহীন সেই মুসলিম চরিত্রও তা অনুধাবন করতে পেরেছেন। মানুষের নির্মমতা দেখে বর্ধমানের আঞ্চলিক ভাষায় তিনি আর্তনাদ করে বলেন, একটা দেশে খ্রিস্টান-হিন্দু-মুসলিম মিলেমিশে থাকলে সমস্যা কোথায়! এই গোঁজামিলটির ব্যাপারে আরও স্পষ্ট হওয়ার জন্য ডমিনিক ল্যাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম অ্যাট মিডনাইট-এ আসা যাক। তৎকালীন ব্রিটিশ সরকারের পরিকল্পনা ছিল ১৯৪৮ সালের ৩০ জুনের আগে ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে আর্থিকভাবে ভেঙে পড়ায় ব্রিটিশদের পক্ষে সাম্রাজ্য ধরে রাখার কোনো সামর্থ্য ছিল না। এর পাশাপাশি, ভারতজুড়ে ব্রিটিশবিরোধী আন্দোলন এবং সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এবং ১৯৪৬ সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ব্রিটিশদের উদ্বিগ্ন করে তোলে। তারা আশঙ্কা করেছিল, ক্ষমতা হস্তান্তরে দেরি হলে পরিস্থিতি পুরোপুরি গৃহযুদ্ধের রূপ নেবে এবং ব্রিটিশ সেনারা এর মধ্যে আটকে পড়বে। মূলত, তাদের সৃষ্ট দেশভাগের ফলে রক্তক্ষয়ী পরিস্থিতি ও রাজনৈতিক সংকটের দায় নিতে চায়নি ব্রিটিশরা। ফলে, দ্রুত ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়াকেই তারা সুবিধাজনক মনে করেছিল।

ল্যাপিয়ের ও কলিন্স জানান, ‘৩রা জুন প্ল্যান’ ঘোষণার আগের রাতে মাউন্টব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগের নেতাদের সঙ্গে দুটি বৈঠক করেন। কংগ্রেসের প্রতিনিধি হিসেবে জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল ও আচার্য কৃপালানি; মুসলিম লীগের পক্ষে জিন্নাহ, লিয়াকত আলী খান ও আবদুররাব নিশতার; আর বলদেব সিং উপস্থিত ছিলেন শিখদের হয়ে চুক্তির কাগজপত্র পড়তে। ১৯৪৭ সালের ৩ জুন সন্ধ্যা ৭টার দিকে মাউন্টব্যাটেন যে ভারতের স্বাধীনতার তারিখ ঠিক করবেন এবং সব শীর্ষনেতা আনুষ্ঠানিকভাবে দুটি পৃথক দেশ গঠনে তাদের সম্মতি ঘোষণা করবেন, এই ব্যাপারটি কেউই জানত না। ভারতভাগের ব্যাপারে নির্ধারিত সময়ের মধ্যে মাউন্টব্যাটেন কংগ্রেস ও শিখদের কাছ থেকে সম্মতিও পেয়ে যান। রাজি হননি জিন্নাহ। এই প্রেক্ষিতে ল্যাপিয়ের ও কলিন্স বলেন, জিন্নাহ যদি মাউন্টব্যাটেনের সঙ্গে একমত না হন, মাউন্টব্যাটেন জিন্নাহর জন্য কিছুই করতে পারবেন না, জিন্নাহর বানানো খেলা নষ্ট হয়ে যাবে। শেষ পর্যন্ত মাউন্টব্যাটেনের কূটচালে এবং ক্ষমতার লোভে জিন্নাহ দেশভাগে রাজি হয়ে যান।

এই গোঁজামিল এমনই নির্মম গোঁজামিল যে, ল্যাপিয়ের ও কলিন্সের থেকে আমরা জানতে পারি, ক্ষমতা হস্তান্তরের জন্য কোনো তারিখই নির্ধারণ করেনি মাউন্টব্যাটেন। আচমকা তিনি ঘোষণা করে বসেন যে, ১৯৪৭ সালে ১৫ আগস্টে ভারতের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে। এর রেশে মহাত্মা গান্ধী কংগ্রেস নেতাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে একটি প্রার্থনা সভা ডাকেন। গান্ধী বলেন, ‘বিভাজনের জন্য ভাইসরয়কে দোষ দিয়ে কোনো লাভ নেই। নিজের দিকে তাকান, আপনার মস্তিষ্কে টোকা দিন, তাহলে বুঝবেন কী হয়েছে।’

কী হয়েছে? মুর্শিদাবাদ, খুলনার মানুষ বিভ্রান্ত হয়েছে। তারা বুঝতে পারেনি তারা ভারত না পাকিস্তানের পতাকা ওড়াবে। সিলেটের করিমগঞ্জে পাকিস্তানের পতাকা উড়েও নেমে গেছে। আর র‌্যাডক্লিফের টানা আঁকিবুঁকি ও নানা কূটকৌশলের রাজনৈতিক সমীকরণে কোটি কোটি মানুষের জীবনে অনিশ্চয়তা আর বিপর্যয় নেমে এসেছে। মানুষের পরিচয় হয়েছে উদ্বাস্তু হিসেবে।

দেশভাগ যে কতটা নির্মমতা ডেকে এনেছে, এই ব্যাপারটি অনুধাবন করা যায় হাসান হকের ‘খাঁচা’ গল্পে। পরম সংবেদনশীল এবং সূক্ষ্ম এই গল্পটিতে হাসান হক তার বুকের পাঁজর ফেটে ফিনকি দিয়ে বেরিয়ে যাওয়া রক্তের আখরে তুলে ধরেছেন শিকড়ের মায়া ছাড়তে না পারার যন্ত্রণা মানুষকে কেমন চরম মাত্রায় দ্বিধাগ্রস্ত, পলায়নপর ও সিদ্ধান্তহীনতায় ভুগিয়েছে। এই গল্পে দেশভাগের কবলে পড়া বিপন্ন মানুষ এক অদৃশ্য খাঁচার মধ্যে আটকে থাকে, যেখান থেকে পালানোর বা বেরোনোর কোনো উপায় তাদের জানা নেই। অনিশ্চিত, অবরুদ্ধ এবং দমবন্ধ পরিস্থিতিতে আটকে থাকা এবং ভয়াবহ দাঙ্গার ব্যাপারে জ্ঞাত থেকেও অম্বুজাক্ষের পক্ষে সম্ভব হয় না সাত পুরুষের ভিটা, স্মৃতি ও সংগ্রামের ভূমি, নদী, মাঠ-ঘাট, আশৈশব হেঁটে যাওয়া চেনা পথ, প্রান্তর ত্যাগ করে পক্ষাঘাতগ্রস্ত শরীর নিয়ে বেঁচে থাকা পিতা কালীপ্রসন্নকে নিয়ে দেশান্তরী হওয়া।

অমিতাভ ঘোষের দি শ্যাডো লাইন্স উপন্যাসটিতে তো ভারতভাগ হওয়ার ১৭ বছর পরও দেশ ছেড়ে চলে যায় না জ্যাঠামশাই। উন্মাদ মবের কাছে যে হিন্দু-মুসলিম পরিচয় মুখ্য ছিল না, রক্তের নেশায় তাদের পেয়েছিল—এই ব্যাপারটিও অমিতাভ ঘোষ তুলে ধরেছেন ত্রিদিব, জ্যাঠামশাই আর খলিলের খুন হওয়ার মধ্য দিয়ে। কে এই খলিল? মুসলিম খলিল ছিলেন বৃদ্ধ হিন্দু জ্যাঠামশাইর যত্নকারী। ইলিয়াসের খোয়াবনামায়ও আমরা দেখি, কাৎলাহার বিলের পাড়ে যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করে হিন্দু ও মুসলিম প্রান্তিক মানুষ। এটা ঐতিহাসিকভাবে সত্য যে এই মানুষগুলো একে অপরকে নাই করে দিয়েছে। কিন্তু উসকানি দিয়েছে মূলত রাজনৈতিক নেতারা। যাদের কাছে মানুষের জীবন বড় ছিল না, মুখ্য ছিল ক্ষমতা।

দেশভাগের ফলে পেছনে পড়ে রইল মানুষের স্মৃতির ভূমি, স্বজনের কবর, শ্মশান। আর রিফিউজি ক্যাম্পে স্থান হয় অজস্র মানুষের। আর অনেকের সংগ্রাম ও গভীর বেদনা না-ফুরানোর দণ্ডকারণ্য। লেখা হয় দাঙ্গা-পরবর্তী প্রান্তিক মানুষের দুর্বিষহ জীবন ও হাহাকার নিয়ে গল্প ‘মারী’। আর লেখা হয় করাতকলে হৃৎপিণ্ড চেরাইয়ের বেদনার গল্প ‘আত্মজা ও একটি করবী গাছ’। যেখানে জীবনের ভারে ভারাক্রান্ত এক বৃদ্ধ পিতাকে বলতে হয়, এখানে যখন এসেছেন, ফুলের জন্য নয়, তিনি বিচির জন্য প্রথমে একটা করবী গাছ লাগান। চুড়ির শব্দ, এলোমেলো শাড়ির শব্দ শুনে হৃদয় তার ছারখার হয়ে গেলেও এই নির্মম নিয়তি মেনে নেওয়া ছাড়া তার আর অন্য কোনো উপায় থাকে না। ‘আমি একটা করবী গাছ লাগাই বুঝলে?... বুঝেছ, করবী ফুলের বিচির জন্য। চমৎকার বিষ হয় করবী ফুলের বিচিতে।’

মানুষ যাতে তাদের ভাতৃত্ববোধ আর বিস্মৃত না হয়, এর জন্য দেশভাগের শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়াকে মহৎ দায়িত্ব জ্ঞান করেছেন হাসান হক। আর সেই অতীতকে বর্তমানের মতোই জীবন্ত করে তোলার দায়িত্বটি নিতে বলেছেন লেখকদের। লেখকদেরই এই দায়িত্ব নিতে হবে। কেননা, এমন নির্মম ইতিহাসের ৭৯ বছর পেরিয়ে গেলেও এই অঞ্চলের মানুষের মধ্যে মানবিকতার জন্ম হয় না। ঝুলে থাকে ফেলানির শরীরের এক অংশ বাংলাদেশে, আরেক অংশ ভারতে। সেই শুক্রবারেই যার বিয়ে হওয়ার কথা ছিল, পানি পানি করে চিৎকার করলেও এই উপমহাদেশের মানুষ এমনই অমানবিক যে, মৃত্যুর সময় ফেলানিকে কি না একটু পানিও দেওয়া হয় না!

সর্বশেষ সর্বাধিক পঠিত