বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) অনুযায়ী এলপিজি বিক্রয় নিশ্চিত করছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস।
প্রতিষ্ঠালগ্ন থেকেই ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে এলপি গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়ে আসছে ফ্রেশ এলপি গ্যাস। সাম্প্রতিক বৈশ্বিক সংকট ও নানা প্রতিকূল বাজার পরিস্থিতির মধ্যেও দেশব্যাপী নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ এবং ন্যায্যমূল্য বজায় রাখতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তবে সাম্প্রতিক সময়ে ভোক্তা পর্যায়ে বিইআরসি নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে (এমআরপি) এলপি গ্যাস প্রাপ্তির ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ পরিলক্ষিত হওয়ায় দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে ফ্রেশ এলপি গ্যাস এ বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর ৩৯টি নির্ধারিত পরিবেশক বিক্রয়কেন্দ্রের নাম ঘোষণা করা হয়েছে। এসব বিক্রয়কেন্দ্র থেকে গ্রাহকরা বিইআরসি নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে ফ্রেশ এলপি গ্যাস ক্রয় করতে পারবেন।
এ উপলক্ষে আজ ঢাকার মিরপুর-১৫-তে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা।
গ্রাহকদের কাছে এ উদ্যোগের তথ্য সহজলভ্য করতে নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোতে বিশেষ প্রচার ব্যানার স্থাপনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রয়কেন্দ্রগুলোর নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হচ্ছে। এর ফলে গ্রাহকরা সহজেই নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলো চিহ্নিত করতে পারবেন এবং বিইআরসি নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে ফ্রেশ এলপি গ্যাস সংগ্রহ করতে পারবেন।
প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগরীতে এ কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলের নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোর তথ্যও গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে এলপি গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি বাজারে স্বচ্ছতা ও গ্রাহক আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখতে চায় ফ্রেশ এলপি গ্যাস।
অনুষ্ঠানে ফ্রেশ এলপি গ্যাসের সিএমও আবু সাঈদ রাজা বলেন, “এ উদ্যোগের মাধ্যমে আমরা পণ্যের মূল্য সম্পর্কে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে ফ্রেশ এলপি গ্যাসের রিফিল কেনার ক্ষেত্রে গ্রাহকরা যেন প্রযোজ্য মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা পান, সেটিই আমাদের লক্ষ্য। আমরা মনে করি, স্বচ্ছ মূল্য নির্ধারণ এবং গ্রাহকদের সঠিক তথ্য জানার সুযোগ ভোক্তাদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, বাংলাদেশের এক নম্বর ফুয়েলিং পার্টনার হিসেবে ফ্রেশ এলপি গ্যাস স্বচ্ছ যোগাযোগ, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও বিধিবিধান অনুসরণ এবং সেবার মানোন্নয়নের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।