চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে মুসলিম চিকিৎসকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের গবেষণা ও আবিষ্কার চিকিৎসাবিজ্ঞানের বিকাশে নতুন পথ তৈরি করেছে। এ ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ ছিলেন আবুল কাসিম আল-জাহরাবি। তিনি ছিলেন মধ্যযুগের একজন খ্যাতিমান মুসলিম শল্যচিকিৎসক তথা সার্জন। শল্যচিকিৎসা তথা সার্জারির বিভিন্ন পদ্ধতি উদ্ভাবন, চিকিৎসা সরঞ্জামের নকশা তৈরি এবং চিকিৎসাবিষয়ক জ্ঞান সংকলনের মাধ্যমে তিনি চিকিৎসাবিজ্ঞানে স্থায়ী অবদান রেখে গেছেন।
আল-জাহরাবি সম্পর্কে জানা যায় তার একমাত্র লিখিত গ্রন্থ ‘আত-তাসরিফ লিমান আজিজা আনিত তাআলিফ’ থেকে। চিকিৎসাবিজ্ঞানের ওপর রচিত ৩০টি গ্রন্থের সমন্বয়ে এটি একটি বিশাল সংকলন। পাঁচ দশকের শিক্ষকতা ও চিকিৎসা পেশার অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্য তিনি এতে সংকলন করেন। গ্রন্থটিতে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ গুরুত্ব পেয়েছে প্রসূতিবিদ্যা, মা ও শিশুর স্বাস্থ্য এবং মানবদেহের গঠন ও শারীরবৃত্তীয় কার্যক্রম।
‘আত-তাসরিফ’ গ্রন্থে বিভিন্ন রোগের কারণ, লক্ষণ ও চিকিৎসাপদ্ধতি তুলে ধরা হয়েছে। পাশাপাশি ওষুধ তৈরি এবং চিকিৎসায় ব্যবহৃত উপাদান নিয়েও আলোচনা রয়েছে। বমি উদ্রেককারী ও হৃদরোগের ওষুধ, জোলাপ (কোষ্ঠকাঠিন্য দূর করার ওষুধ), বার্ধক্যজনিত চিকিৎসা, রূপচর্চা, খাদ্যাভ্যাস, ঔষধি উপাদান, ওজন ও পরিমাপ এবং বিকল্প ওষুধ ব্যবহারের বিষয়ও এতে স্থান পেয়েছে।
মা ও শিশুর স্বাস্থ্য এবং ধাত্রীবিদ্যা নিয়ে আল-জাহরাবির আলোচনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তার গ্রন্থ থেকে জানা যায়, দশম শতকের আন্দালুসিয়ায় প্রশিক্ষিত ধাত্রী ও নার্সদের পেশা সুসংগঠিত ছিল। দক্ষ চিকিৎসক ও প্রসূতিবিদরা তাদের প্রশিক্ষণ দিতেন। ফলে তারা প্রয়োজনীয় জ্ঞান ও আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারতেন।
‘আত-তাসরিফ’-এর শেষ ও সবচেয়ে বড় খণ্ডের বিষয় ছিল শল্যচিকিৎসা। মধ্যযুগের শল্যচিকিৎসার ইতিহাসে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা। স্বতন্ত্র শল্যচিকিৎসা বিষয়ক গ্রন্থ হিসেবেও এটিকে প্রথম দিককার উল্লেখযোগ্য কাজ হিসেবে বিবেচনা করা হয়। এতে আগুন দিয়ে চিকিৎসা, ক্ষত পরিচর্যা, তির বের করা এবং হাড় ভাঙার চিকিৎসাপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। ক্ষত ও ত্বকের আঘাতে জীবাণুনাশক ব্যবহারের ওপরও তিনি গুরুত্ব দেন। পশুর অন্ত্র, রেশম ও পশমসহ বিভিন্ন উপাদান দিয়ে সেলাইয়ের সুতা তৈরির পদ্ধতিও তুলে ধরেন।
স্তন ক্যানসারের অস্ত্রোপচার, মূত্রাশয়ের পাথর অপসারণ এবং থাইরয়েডের সিস্ট দূর করার কৌশল সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়ার কৃতিত্বও তার। এ ছাড়া প্রসবের সময় ব্যবহৃত বিশেষ যন্ত্রের বিবরণ এবং প্রসবের বিশেষ পদ্ধতি সম্পর্কে প্রথম দিককার বর্ণনাও তার গ্রন্থে পাওয়া যায়।
শল্যচিকিৎসার যন্ত্রপাতির চিত্র অঙ্কন ও বর্ণনার ক্ষেত্রেও আল-জাহরাবি ছিলেন পথিকৃৎ। তার গ্রন্থে দুই শতাধিক অস্ত্রোপচারের যন্ত্রের বিবরণ রয়েছে। এর অনেকগুলোই তিনি নিজে উদ্ভাবন করেছিলেন। পরিবর্তিত রূপে এসব যন্ত্রের কিছু এখনো চিকিৎসায় ব্যবহৃত হয়।
পরবর্তী সময়ে ইউরোপে চিকিৎসাবিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়লে ‘আত-তাসরিফ’ গুরুত্বপূর্ণ পাঠ্য ও তথ্যসূত্রে পরিণত হয়। গ্রন্থটি পাঁচবার লাতিন ভাষায় অনূদিত হয়। এর সুবিন্যস্ত উপস্থাপন, সহজ ভাষা ও স্পষ্ট ব্যাখ্যা ইউরোপীয় চিকিৎসকদের কাছে একে জনপ্রিয় করে তোলে।
ইউরোপীয় শল্যচিকিৎসার বিকাশেও আল-জাহরাবির প্রভাব ছিল দীর্ঘস্থায়ী। ইউরোপীয় শল্যচিকিৎসার পুনরুজ্জীবক হিসেবে পরিচিত গি দ্য শোলিয়াক তার গ্রন্থে আল-জাহরাবির উদ্ধৃতি দিয়েছেন দুই শতাধিকবার। এভাবেই চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে আল-জাহরাবি হয়ে আছেন এক স্মরণীয় নাম।
প্রথম মুসলিম নার্স
নার্সিং সেবায় উদ্বুদ্ধ করেছে ইসলাম
চিকিৎসাবিদ্যা অর্জন ফরজে কেফায়া
রাসুল (সা.)-এর চিকিৎসাপদ্ধতি