সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি দৃঢ়প্রতিজ্ঞ ও প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে মাদক প্রতিরোধ কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আলোচনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক চোরাচালান রোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার দীর্ঘ বর্ডার ফেন্সিং (সীমান্ত বেড়া) নির্মাণ ও আধুনিকায়নের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। এ সময় মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের মূল উৎসগুলো চিহ্নিত করে তা কঠোরহস্তে নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ উদ্ঘাটনে যথাযথ তদন্তের সুপারিশ করা হয়।
মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ চিরতরে নির্মূল করতে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার ওপরও বৈঠকে জোর দেওয়া হয়। এ ছাড়া দেশের যেসব সীমান্ত এলাকা বা রুট মাদক প্রবেশের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, তা চিহ্নিত করে বিস্তারিত পর্যালোচনা করা হয়। মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি ও যৌথ অভিযান জোরদার করার বিষয়েও কার্যকর আলোচনা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও হুইপ রকিবুল ইসলাম মন্তব্য করেন, উন্নত বিশ্বের আধুনিক দেশগুলোর মতো আমাদেরও সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ড্রোন সার্ভেইলেন্সের (নজরদারি) ব্যবহার আরও বাড়াতে হবে।
কমিটির আরেক সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ বলেন, মাদকের ভয়াল থাবা নিয়ন্ত্রণে সবার আগে একটি সামাজিক বিপ্লব গড়ে তোলা প্রয়োজন। এটি কেবল কোনো একক মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার কাজ বা দায়িত্ব নয়, বরং এটি একটি সামগ্রিক ও সমন্বিত জাতীয় দায়িত্ব।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অন্যান্য সদস্যদের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা অংশগ্রহণ করেন।