নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা এবং ক্ষতিকর প্রথা প্রতিরোধে অনুসন্ধানী ও তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির জন্য সাংবাদিকদের ফেলোশিপ দেবে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ। এ কর্মসূচির আওতায় জাতীয় ও জেলা পর্যায়ের গণমাধ্যমে কর্মরত এবং ফ্রিল্যান্স ও স্বাধীন সাংবাদিকদের মধ্য থেকে ১০ জনকে নির্বাচন করা হবে।
‘মিডিয়া ফেলোশিপ ২০২৬: সহিংসতা ও ক্ষতিকর প্রথার বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর’ শীর্ষক এ উদ্যোগের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা, প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা, বাল্যবিয়ে এবং নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্যসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন আহ্বান করা হয়েছে। বিশেষ করে গণমাধ্যমে সাধারণত উঠে আসে না, এমন প্রান্তিক নারী ও মেয়েদের না-বলা গল্প তুলে ধরতে চান আয়োজকেরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনএফপিএ বাংলাদেশ এ উদ্যোগের কথা জানায়। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচিকে সামনে রেখে এ ফেলোশিপের আয়োজন করা হয়েছে।
নির্বাচিত সাংবাদিকরা প্রতিবেদন তৈরি ও প্রকাশের জন্য এক মাস সময় পাবেন। এ ছাড়া জেন্ডার সংবেদনশীল ও নৈতিক সাংবাদিকতা বিষয়ে ওরিয়েন্টেশন, সম্মানী ও সনদ দেওয়া হবে। সেরা তিনটি প্রতিবেদনের জন্য থাকবে বিশেষ স্বীকৃতি।
সাংবাদিকতায় অন্তত দুই বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে, এমন সাংবাদিকরা আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বাংলা অথবা ইংরেজিতে প্রতিবেদনের প্রস্তাবনা অনলাইন আবেদন ফর্মের মাধ্যমে জমা দিতে পারবেন।
জমা পড়া প্রস্তাবগুলো বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা, নতুনত্ব, জনস্বার্থ, বাস্তবায়নযোগ্যতা, তথ্য-প্রমাণের ভিত্তি এবং নৈতিকতার মতো বিষয় বিবেচনায় মূল্যায়ন করা হবে। ফেলোশিপের বিস্তারিত তথ্য ইউএনএফপিএ বাংলাদেশের ওয়েবসাইটে পাওয়া যাবে।