চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৩ শতাংশ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

চলতি অর্থবছরের চতুর্থ মাসেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে খুব একটা গতি আসেনি। ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবরে এডিপির মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এ সময়ে মোট ব্যয় হয়েছে ২০ হাজার ১৫৯ কোটি টাকা। এর বড় অংশই ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। বিপরীতে বড় বরাদ্দ থাকা দুই মন্ত্রণালয় এ সময়ে কোনো অর্থই ব্যয় করতে পারেনি। রবিবার প্রকাশিত পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা। এই অর্থ বাস্তবায়নের জন্য রয়েছে ১ হাজার ১৭২টি প্রকল্প। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৯৮৬টি, সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প ২৩টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৯টি এবং নিজস্ব অর্থায়নের প্রকল্প রয়েছে ৫৩টি।

অর্থবছরের প্রথম চার মাসে ৩ লাখ কোটি টাকার বেশি এডিপির বিপরীতে ব্যয় হয়েছে ২০ হাজার ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা। অর্থাৎ জুলাই-অক্টোবরে পুরো বছরের বরাদ্দের সাত শতাংশেরও কম বাস্তবায়ন হয়েছে। শুধু চলতি অর্থবছরেই নয়, আগের কয়েক বছরের তুলনায়ও এবার এডিপি বাস্তবায়নের হার কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১১ দশমিক ৬৪ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ১২ দশমিক ৬৪ শতাংশ।

আইএমইডির তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম চার মাসে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। চলতি অর্থবছরে এ বিভাগের অধীনে ২০১টি প্রকল্পে বরাদ্দ রয়েছে ৩৩ হাজার ৩৭৪ কোটি ৩১ লাখ টাকা। এর বিপরীতে জুলাই-অক্টোবরে ব্যয় হয়েছে ৬ হাজার ৯২০ কোটি ৪৩ লাখ টাকা। এ হিসাবে বিভাগের নিজস্ব বরাদ্দের ২০ দশমিক ৭৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

সবচেয়ে কম বাস্তবায়নের চিত্র দেখা গেছে দুই মন্ত্রণালয়ের। অর্থবছরের প্রথম চার মাসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এডিপির কোনো অর্থই ব্যয় করতে পারেনি। সার্বিকভাবে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়নের হার আগের কয়েক বছরের একই সময়ের তুলনায় কম। বিশেষ করে বড় বরাদ্দ থাকা কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের ধীরগতির কারণে সামগ্রিক বাস্তবায়নেও এর প্রভাব পড়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চলতি অর্থবছরে বরাদ্দ রয়েছে ২৯ হাজার ৮৪১ কোটি ৭ লাখ টাকা। এর বিপরীতে চার মাসে ব্যয় হয়েছে ১ হাজার ৮৯৮ কোটি ১৮ লাখ টাকা। অর্থাৎ বরাদ্দের ৬ দশমিক ৩৬ শতাংশ বাস্তবায়ন হয়েছে। বিদ্যুৎ বিভাগে ১৮ হাজার ১০৬ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৪৯ কোটি ৫৮ লাখ টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১৭ হাজার ৭৪ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ১ হাজার ৭৯১ কোটি ৩৯ লাখ টাকা।

অন্যদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ে ৯ হাজার ৫২০ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ থাকলেও ব্যয় হয়েছে মাত্র ৫১৬ কোটি ৬৫ লাখ টাকা। পানি সম্পদ মন্ত্রণালয়ের ৭ হাজার ৪৮১ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ৮৯৩ কোটি ৫৮ লাখ টাকা। স্বাস্থ্য সেবা বিভাগ ৬ হাজার ১৪ কোটি ৪৭ লাখ টাকার মধ্যে ব্যয় করেছে ২৩৭ কোটি ২ লাখ টাকা। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৫ হাজার ৪৯৯ কোটি ১২ লাখ টাকার মধ্যে ব্যয় করেছে ১৫৮ কোটি ২৮ লাখ টাকা। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের ৫ হাজার ৩৪৩ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ১৬৭ কোটি ৬৫ লাখ টাকা।
###

সর্বশেষ সর্বাধিক পঠিত