চুক্তির বাস্তবায়ন চান

গুলশান শপিং সেন্টারের নির্মাণকাজ দ্রুত শুরুর দাবি দোকান মালিকদের

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

চার পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি বাস্তবায়ন এবং চুক্তির শর্ত অনুযায়ী দোকান বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে আদালত ও সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ চেয়েছেন গুলশান শপিং সেন্টারের দোকান মালিকরা।

চুক্তি অনুযায়ী তিন বছরের মধ্যে মার্কেট পুনর্নির্মাণ করে দোকান বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও প্রায় চার বছর হতে চলেছে, এখনো নির্মাণকাজ শুরু হয়নি বলে অভিযোগ করেছে দোকান মালিক সমিতি। 

রবিবার (১৫ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান গুলশান শপিং সেন্টার দোকান মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. হাম্মাদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সেক্রেটারি আবদুল গফর মণ্ডল, কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান ও যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৭৪ সালে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে গুলশান শপিং সেন্টারের জন্য জমি বরাদ্দ দেওয়া হয় এবং ১৯৭৫ সালে তা রেজিস্ট্রি করা হয়। বরাদ্দগ্রহিতা প্রয়াত আহমেদ ফজলুর রহমান ছয়তলা দোকানঘর ও একটি সিনেমা হল নির্মাণ করেন। ১৯৭৭-৭৮ সালে নির্মাণকাজ শেষে বিভিন্ন দোকান মালিকের কাছে দোকান বিক্রি করে পজিশন দলিল ও দখল হস্তান্তর করা হয়।

বক্তব্যে আরও বলা হয়, ২০০৬ সালে বরাদ্দগ্রহিতার উত্তরসূরি আহমেদ ফয়জুর রহমান শপিং সেন্টারটি পুনর্নির্মাণের জন্য শান্তা হোল্ডিংস লিমিটেডের সঙ্গে চুক্তি করেন। এর বিরোধিতা করে দোকান মালিকরা বিভিন্ন আদালতে মামলা করেন। দীর্ঘদিন মামলা চলার পর ২০২১ সালে ভূমির মালিক, ডেভেলপার শান্তা হোল্ডিংস লিমিটেড ও দোকান মালিক সমিতিসহ চার পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, নতুন ভবন নির্মাণের জন্য ২০২৩ সালের ৩ আগস্ট দোকান মালিকরা মার্কেট সম্পূর্ণ খালি করে দখল হস্তান্তর করেন। চুক্তিতে তিন বছরের মধ্যে পুনর্নির্মাণকাজ শেষ করে নতুন ভবনে দোকান মালিকদের দোকান বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারলে বর্তমান বাজারদর অনুযায়ী দোকান মালিকদের ভাড়া দেওয়ার শর্তও ছিল।

কিন্তু নির্ধারিত সময় পার হতে চললেও নির্মাণকাজ শুরু হয়নি বলে অভিযোগ করেছে সমিতি। এ বিষয়ে ডেভেলপার প্রতিষ্ঠানের কাছে অগ্রগতির তথ্য জানতে চাইলে তারা লিখিতভাবে জানায়, ভূমির মালিকের বর্তমান ওয়ারিশদের অসহযোগিতা এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে দায়ের করা মামলার কারণে নির্মাণকাজে বিলম্ব হচ্ছে।

সংবাদ সম্মেলনে সমঝোতা চুক্তির শর্ত বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। দ্রুত নির্মাণকাজ শুরু, চুক্তি অনুযায়ী দোকান বুঝিয়ে দেওয়া এবং নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত দোকান মালিকদের ভাড়া পরিশোধ নিশ্চিত করার দাবি জানান তারা। এতে আইনের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা প্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন সমিতির নেতারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত