মাত্র ২২ রানে ৩ উইকেট নেই। ইনিংসের প্রথম বলেই অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনের বিদায়। এরপর মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাজঘরে ফেরা। কাগিসো রাবাদার আগুনঝরা বোলিংয়ে জোহানেসবার্গ টেস্টের শুরুতেই দিশেহারা বাংলাদেশ দল। এমন পরিস্থিতিতে হাল ধরেন তাওহীদ হৃদয়। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে তানজিদ হাসান তামিমকে নিয়ে, পরে লিটন দাসকে সঙ্গে করে দুই দফার বিপর্যয় সামাল দেন তিনি। টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরিও তুলে নেন এই তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান।
হৃদয়-লিটনের রেকর্ড ২০৬ রানের জুটিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৮৪ ওভারে ৬ উইকেটে ৩২৭ রান তুলেছে সফরকারীরা। এটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের এক ইনিংসে দলীয় সর্বোচ্চ সংগ্রহ বাংলাদেশের। আগেরটি ৩২৬ রানের, ২০১৫ সালে চট্টগ্রামে। দিনের শেষ বলে হৃদয় ১৩৭ রানে আউট হন। সেঞ্চুরির অপেক্ষায় থাকা লিটন ৯২ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
দিনের খেলা শেষে হৃদয়ের ব্যাটিংয়ের প্রশংসা করে লিটন বলেন, ‘নতুন বলে তারা খুব ভালো বোলিং করেছে। এই কন্ডিশনে ব্যাটসম্যানদের জন্য কাজটা বেশ কঠিন ছিল। পুরনো বল আসার পর ব্যাটিং কিছুটা সহজ হয়ে যায়। হৃদয় যেভাবে ধৈর্য ধরে বল ছেড়েছে, তাতে আমার আত্মবিশ্বাস আরও বেড়েছে। আমরা শুধু আলোচনা করেছি, কতক্ষণ উইকেটে থাকা যায়। পেসারদের বিপক্ষে শুধু স্ট্রাইক রোটেট করার চেষ্টা করেছি। নতুন বল মোকাবিলা করা সত্যিই কঠিন। আগামীকাল (আজ) তারা নতুন উদ্যমে মাঠে নামবে, আমিও সতেজ হয়ে নামব। আশা করি, দারুণ একটি লড়াই হবে।’
দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের রেকর্ড সুখকর নয়। আগের ৮ ম্যাচের পাঁচটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাকি তিনটিতে পরাজয়ের ব্যবধান ছিল ২২০, ৩৩২ ও ৩৩৩ রান। সাম্প্রতিক সময়েও সাফল্যের দেখা পাচ্ছে না বাংলাদেশ। ডারউইনের ঐতিহাসিক জয়ের পর কোনো সংস্করণেই জিততে পারেনি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার হতাশা আরও বাড়িয়েছে।
এমন পরিস্থিতিতে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ে বড় ধাক্কা খায় সফরকারীরা। ইনিংসের প্রথম বলেই রাবাদার অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ব্যাটের কানায় লাগিয়ে গালিতে ক্যাচ দেন রবিন। অভিষেকেই গোল্ডেন ডাক নিয়ে ফেরেন তিনি। রাবাদার করা পরের ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন মুমিনুলও। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর একই বোলারের ভেতরে ঢুকে আসা বলে বোল্ড হন শান্ত। ২৩ বলে ১২ রান করেন অধিনায়ক। মাত্র ২২ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ দল।
সেই বিপর্যয় সামাল দেন তানজিদ ও হৃদয়। শুরুতে সতর্ক থাকলেও ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান দুজন। নতুন বলের চ্যালেঞ্জ সামলে সুযোগ বুঝে বাউন্ডারি আদায় করতে থাকেন। সাইমন হার্মারকে চার মেরে অর্ধশতক পূর্ণ করেন তানজিদ। প্রথম সেশনে ২৬ ওভারে ৩ উইকেটে ৯১ রান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দুজনের জুটিতে আসে ৯৯ রান। এই প্রতিরোধও ভাঙেন রাবাদা। ১০৮ বলে ১২ চারে ৬৭ রান করে বোল্ড হন তানজিদ। পরের বলেই তৃতীয় সিøপে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। দ্বিতীয় সেশনে টানা দুই বলে দুই উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ দল। নিজের ১৮তম টেস্ট ফাইফার তুলে নেন রাবাদা। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ৫ বার ৫ উইকেট নেওয়া প্রথম বোলারও হন তিনি।
দ্বিতীয় দফার বিপর্যয়ের পর হৃদয়ের সঙ্গে যোগ দেন লিটন। দুজন মিলে শুরুতে উইকেটে থিতু হওয়ার দিকে মনোযোগ দেন। পরে ধীরে ধীরে বদলে যায় ব্যাটিংয়ের ধরন। এক-দুই রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখার পাশাপাশি বাজে বল পেলেই বাউন্ডারি আদায় করতে থাকেন তারা। হৃদয় তুলে নেন অর্ধশতক। অন্য প্রান্তে লিটনও চেনা ছন্দ ফিরে পান। ৭১ বলে টেস্ট ক্যারিয়ারের ২২তম অর্ধশতক পূর্ণ করেন তিনি। সময়ের সঙ্গে জমে ওঠে তাদের জুটি।
প্রোটিয়া বোলারদের ওপর চাপ বাড়িয়ে নতুন করে জুটির রেকর্ড গড়েন দুজন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এত দিন বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ১৩৮ রানের। ২০২৪ সালে মিরপুর টেস্টে ১১২ রানে ৬ উইকেট হারানোর পর দলকে আড়াইশ রানে নিয়ে যান জাকের আলী ও মেহেদী হাসান মিরাজ। এখন ২০৬ রান নিয়ে এই রেকর্ড হৃদয়-লিটনের দখলে।
এখানেই থামেননি তারা। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৪২ ও ৮২ রানের ইনিংস খেলার পর এক সপ্তাহের ব্যবধানে আরেকটি শতক হাঁকান হৃদয়। চতুর্থ টেস্টে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় নিজের প্রথম শ্রেণির ক্যারিয়ারে সেরা ইনিংসটি খেলেন হৃদয়। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে ৩৫০ রান করেন। সে দেশেই এবার ১৯৪ বলে তিন অঙ্ক স্পর্শ করেন। এরপর আগ্রাসী হয়ে ওঠেন তিনি। পরে অবশ্য দিনের একদম শেষ বলে আউট হন। ২২৭ বলে ১৩৭ রানের ইনিংসটি সাজান ১৪টি চার ও ১টি ছক্কায়। লিটন অবশ্য সেঞ্চুরি সামনে রেখে সাবধান ব্যাট করছেন। আজ মেহেদী হাসান মিরাজকে নিয়ে বড় ইনিংস খেলার সুযোগ আছে তার সামনে। ম্যাচের পরিস্থিতি হিসেবে অবশ্য ওয়ান্ডারার্স টেস্টের প্রথম দিনটা নিজেদের নামে লিখেছে বাংলাদেশ।