আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৭ এএম

রাজধানীর উত্তরখানের আশকোনায় আবাসন কোম্পানি আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২৫ থেকে ৩০ জন আশিয়ান সিটির কার্যালয়ে হামলা চালান। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ কর্মকর্তা রেজাউল আরও বলেন, হামলার সময় দু-তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। কার্যালয়ের আসবাব ভাঙচুর করা হয় এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়। এতে তিন-চারজন আহত হয়েছেন।

আশিয়ান সিটির প্রটোকল পরিচালক জহিরুল ইসলাম অভিযোগ করেন, তাঁদের প্রকল্পের পাশের ভবনের মালিক ‘ভাড়াটে সন্ত্রাসী’ দিয়ে তাঁদের কার্যালয়ে হামলা করিয়েছেন। হামলার পর মামলা না করতে একটি বিদেশি নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

জহিরুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। ফুটেজ দেখে শনাক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত