ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের পর রাষ্ট্রদ্রোহ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড নেওয়া হয়েছে। গতকাল রবিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া জানান, জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত শনিবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আরআরএফ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করেন। এরপর চট্টগ্রাম নগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি টিম হালিশহরে আরআরএফ অফিসার্স মেসে থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। মামলাটির তদন্তভার পেয়েছে একই ইউনিট।
মামলায় বলা হয়, ব্যক্তিগত মুঠোফোনের হোয়াটসঅ্যাপ থেকে ৮ নভেম্বর রাত ৯টা ২৩ মিনিটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক পলাতক নেতার কাছে ইংরেজিতে একটি বার্তা পাঠান এসপি জাহাঙ্গীর আলম। এতে তিনি লিখেন, ‘স্যার, আপনার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ, ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে। ভালো থাকবেন স্যার।’
একই দিন রাত ৯টা ৫৭ মিনিটে ব্যক্তিগত মুঠোফোনের হোয়াটসঅ্যাপে আরেক বার্তায় এসপি জাহাঙ্গীর লিখেন, ‘আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার, শুভকামনা। রক্তের শেষবিন্দু পর্যন্ত জয় বাংলার সেøাগান দিয়ে যাব। স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’
গতকাল দুপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এ প্রেক্ষাপটে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহের উসকানি দিয়ে রাষ্ট্রে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিলেন জাহাঙ্গীর। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।
ডিআইজি আরও জানান, এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত ও সরকারি মুঠোফোন দুটিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগসহ তথ্য আদান-প্রদানের অভিযোগ রয়েছে। আগামী ডিসেম্বরে জানবাজি রেখে মাঠে নামবেন বলে আওয়ামী লীগের নেতাদের আশ্বস্ত করেছিলেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
এক প্রশ্নের উত্তরে ডিআইজি জানান, ‘জাহাঙ্গীরের সঙ্গে এ প্রক্রিয়ায় বাহিনীর আর কেউ জড়িত কি না তদন্ত করা হবে। থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।’
তথ্যসূত্র জানায়, গত ১০ নভেম্বর জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা এসবিতে পাঠানো হয়। এরপর থেকে কর্মস্থলে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।
এসপি জাহাঙ্গীর আলমকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি করে তার স্ত্রী মাসুমা আক্তার আদালতে সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী নির্দোষ। তার মুঠোফোন হ্যাক করে কেউ একজন এসব করেছেন। আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।’
জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস মাধ্যমে ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামে। পিতার নাম মো. জিন্নাত আলী। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন।
২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বরত ছিলেন।