কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কর্মসূচিকে ঘিরে প্রায় তিন ঘণ্টার জন্য গতকাল অশান্ত হয়ে উঠে গোপালগঞ্জ জেলা শহর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সকালে গাড়িতে চড়ে শহর অভিমুখে আসতে থাকেন নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে স্লোগান দিতে দিতে গোপালগঞ্জ শহরে ঢুকে তারা। প্রায় দেড় হাজার পুলিশ ও বিজিবি সদস্য শহরে মোতায়েন করা হলেও হাজার হাজার মারমুখী বিক্ষোভকারীর মিছিলের সামনে তাদের নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। কর্মী সমর্থকদের স্লোগান দিতে দেখা যায় পুলিশের এপিসি যানের উপর ওঠে। ভেঙে ফেলা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক। বড় ধরনের এই মহড়ার সময় কারও কারও মাথায় ছিল হেলমেট। বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দেয়। পরিস্থিতি শান্ত করতে আরও তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে ১০ নভেম্বর ১৫০ জন্য বিজিবি মোতায়েন করা হয়। এই ঘটনার পর জেলার ডিসি মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। সেখানে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে এবং এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৮টা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এসে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হন। কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের এক নেতার বাড়িতে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। এরপর তারা গাবতলা মোড়ে যান। সেখান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বিসিক সেতু হয়ে শহরে প্রবেশ করেন। অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে আরেকটি মিছিল বের করা হয়। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক এক কাউন্সিলরের নেতৃত্বেও মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়। এরপর তারা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা কমিটির কার্যালয়ে যান। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা কার্যালয় খুলে তারা উল্লাস করেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মিছিল নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। এ সময় গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয়। পরে তারা পুরনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেস ক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।
এ সময় পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। পাশাপাশি এপিসির গায়ে লাল রঙ দিয়ে ‘জয় বাংলা’ লেখে দেন।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। সারা শহরজুড়ে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, এপিবিএন, আনসার মোতায়েন ছিল। গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির টহল দেখা গেছে। তাদের সামনে দিয়েই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করেছে।
ঢাকা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান প্রেস ব্রিফিং এ বলেছেন, গোপালগঞ্জের নিরাপত্তায় পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় ১৩৫০ জন অফিসারসহ পুলিশ সদস্য নিয়োজিত ছিল। গোপালগঞ্জের ৬৭ কিলো ন্যাশনাল হাইওয়েতে পর্যন্ত মোবাইল প্যাট্রলসহ টহল মোতায়েন ও স্ট্রাইকিং ফোর্স রেডি ছিল। গোপালগঞ্জ সদর ছাড়াও ৪টি উপজেলায় আমাদের পর্যপ্ত পুলিশ মোতায়েন ছিল জনসাধারণের নিরাপত্তায়। গোপালগঞ্জ শহরে পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকায় বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সুরক্ষায় কাজ করেছে। আগামীতে জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষায় যা যা করণীয় তা করবে পুলিশ।
এদিকে বিজিবি জানিয়েছে, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে গতকাল আরও তিন প্লাটুন বর্ডার গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে ১০ নভেম্বর তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এ ছাড়া আশপাশের জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে আসা হয়েছে গোপালগঞ্জে। বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিবি যশোর রিজিয়নের ব্রিগেট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জানমাল নিশ্চিত রাখা এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি থেকে প্রায় ১৫০ জনের মতো সদস্য মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় ও জননিরাপত্তা রক্ষায় বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় বজায় রেখে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্পিত দায়িত্ব পালন করবে
শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর : এদিকে শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুর করা হয়েছে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছিলেন বিএনপি নেতারা। জানা যায়, শনিবার রাত ৮টার দিকে প্রথমে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকার কয়েকটি দোকানে হামলার পর আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে উপজেলার কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া টুঙ্গিপাড়ার নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে ২০২৫ সালের ১৭ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল।