এলপিজির সরকারি মূল্য কার্যকর না হওয়ায় সংসদে প্রশ্ন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ এএম

সরকার নির্ধারিত দামে সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি না হওয়ার পেছনে চাহিদা ও সরবরাহের তারতম্য, পরিবহন ব্যয় এবং অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার প্রবণতাকে দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, বাজারে কৃত্রিম সংকট, অবৈধ মজুদদারি ও অতিরিক্ত মূল্য আদায় বন্ধে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ৩১ অক্টোবর পর্যন্ত ৫ হাজার ৪৪৫টি বাজার তদারকি করা হয়েছে। এসব অভিযানে ৭ হাজার ৫০৭টি প্রতিষ্ঠানকে ৭ কোটি ১৪ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

গত আট মাসে বাজার তদারকি ও অভিযানে ২৮ হাজার ২৬৫টি প্রতিষ্ঠানকে প্রায় ১৯ কোটি ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। গত ১০ নভেম্বর পর্যন্ত সরকারি খাদ্যশস্যের মোট মজুদ দাঁড়িয়েছে ২১ লাখ ৪৭ হাজার টন, যা নির্ধারিত নিরাপত্তা মজুতের চেয়ে ৭ লাখ ১২ হাজার টন বেশি।

গতকাল রবিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনে লিখিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রী এসব তথ্য জানান।

সিলিন্ডার গ্যাসসহ সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি না হওয়ার কারণ জানতে চান সংসদ সদস্য সেলিনা সুলতানা। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, চাহিদা ও সরবরাহের তারতম্য, পরিবহন ব্যয় এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতা ও অনিয়মের কারণে কিছু ক্ষেত্রে সরকারি নির্ধারিত দাম কার্যকর হচ্ছে না।

তিনি জানান, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। অবৈধ মজুদদার, কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিষ্ঠান সিলগালাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধভাবে মজুদ করা গ্যাস সিলিন্ডার উদ্ধার করে সরকার নির্ধারিত মূল্যে তাৎক্ষণিক বিক্রির ব্যবস্থাও করেছে।

মন্ত্রী জানান, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে। চলতি অর্থবছরে এ পর্যন্ত গ্যাস সিলিন্ডারের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে ৫৪২টি বাজার তদারকি করা হয়েছে। এসব অভিযানে ৭৮২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৭ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন জানতে চান, গত আট মাসে কতটি বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে, কতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উৎপাদক থেকে ভোক্তা পর্যায় মূল্য ব্যবধান কমাতে সরকারের পরিকল্পনা কী।

জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৬ সালের ১ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে বাণিজ্য মন্ত্রণালয় ৪৩০টি বাজার তদারকি করেছে। এতে ৩৫২টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে সারা দেশে আরও ৩ হাজার ৩৮০টি অভিযান পরিচালনা করে ১৩ হাজার ১৯টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ১০৬ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আট মাসে ৯ হাজার ৪৪১টি বাজার তদারকি করে ১৪ হাজার ৮৯৪টি প্রতিষ্ঠানকে ১৪ কোটি ১৭ লাখ ৩০ হাজার ১০০ টাকা জরিমানা করেছে। সব মিলিয়ে বাণিজ্য মন্ত্রণালয়, জেলা পর্যায়ের টাস্কফোর্স ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২৮ হাজার ২৬৫টি প্রতিষ্ঠানকে প্রায় ১৯ কোটি ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

খাদ্যশস্যের মজুদ ২১ লাখ ৪৭ হাজার টন : দেশের খাদ্য নিরাপত্তা ও সরকারি খাদ্যশস্যের মজুদ পরিস্থিতি নিয়ে সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, অভ্যন্তরীণভাবে খাদ্যশস্য সংগ্রহ, চাল ও গম আমদানি, গুদামের ধারণক্ষমতা বৃদ্ধি এবং পুরনো গুদাম মেরামতের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

নিম্ন আয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রমের আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে চাল এবং ২৪ টাকা দরে খোলা আটা বিক্রি করা হচ্ছে। এ ছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশের ৪৯৫টি উপজেলায় প্রায় ৫৫ লাখ কার্ডধারী পরিবারকে বছরে ৬ মাস প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে।

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ৪৩৪ দশমিক ৯৬ লাখ টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছে। এর মধ্যে চাল ৪২৪ দশমিক ৬৭ লাখ টন এবং গম ১০ দশমিক ২৯ লাখ টন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫৩ দশমিক ৪৩ লাখ টন।

মন্ত্রী বলেন, এফএওর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে চালের চাহিদা ছিল ৪২৩ লাখ টন। বিপরীতে উৎপাদন হয়েছে ৪২৪ দশমিক ৬৭ লাখ টন। সরকারি ও বেসরকারি পর্যায়ে ১২ দশমিক ৬৯ লাখ টন চাল আমদানির ফলে মোট চালের লভ্যতা দাঁড়িয়েছে ৪৩৭ দশমিক ৩৩ লাখ টনে। ফলে দেশে চালের কোনো ঘাটতি নেই।

একই অর্থবছরে গমের চাহিদা ছিল ৮২ লাখ টন। উৎপাদন হয়েছে ১০ দশমিক ২৯ লাখ টন। সরকারি ও বেসরকারি পর্যায়ে ৭৩ দশমিক ৩৪ লাখ টন গম আমদানি করায় মোট লভ্যতা দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৬৩ লাখ টনে।

মন্ত্রী জানান, গত ১০ নভেম্বর পর্যন্ত দেশে সরকারি খাদ্যশস্যের মোট মজুদ ২১ দশমিক ৪৭ লাখ টন। বর্তমানে স্বাভাবিক সময়ে নিরাপত্তা মজুদের লক্ষ্যমাত্রা ১৪ লাখ টন এবং সংকটকালীন সময়ে ১৫ লাখ টন নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সে হিসাবে বর্তমান মজুদ নিরাপত্তা মজুদের চেয়ে ৭ দশমিক ১২ লাখ টন বেশি। দেশে এ মুহূর্তে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই।

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্য : চলতি বছর খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ও অর্জনের অগ্রগতি জানতে চান পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগার। জবাবে খাদ্যমন্ত্রী জানান, এবার প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করা হবে। সব মিলিয়ে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৮ লাখ ৫০ হাজার টন।

সর্বশেষ সর্বাধিক পঠিত